প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি : সংগৃহীত চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল রয়েছে। চালের মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
এবার প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর, চলবে একই বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত বছর প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে কেনা হয়েছিল। ওই মৌসুমে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করেছিল সরকার।
খাদ্যমন্ত্রী জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুদ, সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। এ লক্ষ্যে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।
মন্ত্রী আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই এবারের আমন সংগ্রহ অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।
সময়ের আলো/জেডি