কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া । ছবি : সংগৃহীতআগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। একই সঙ্গে গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে কাজ করা শিক্ষকদের প্রমাণসহ তালিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এই সংসদ সদস্য।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ভূঁইয়া বলেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।’ গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যারা ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দিতে হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে অন্যায়ভাবে হয়রানি করার ইচ্ছা নেই। তবে দুর্বল ভাবলে ছাড় দেওয়া হবে না।’
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আটকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নুরুল ইসলাম নাহিদকে আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে। তারা বলছেন, এত বয়স্ক একজন মানুষকে আটক করা হয়েছে। কিন্তু তাদের দলের এম কে আনোয়ারের বয়স যখন ৮৬ বছর ছিল, তখন তাকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। ধরে ধরে তাকে ওঠানো হতো, এমনকি হ্যান্ডকাফও পরানো হয়েছিল।’
নিজের রাজনৈতিক জীবনে নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, ‘আমাকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া হতো। আমার বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। পুলিশ, র্যাব ও ডিবি দিয়ে আমাকে তুলে নেওয়া হয়েছিল। এমনকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগও করা হয়েছিল আমার বিরুদ্ধে।’
তিনি বলেন, ‘এসব ঘটনা আমরা সহজে ভুলে যাননি। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। তবে কেউ দুর্বল মনে করলে ছাড় দেওয়া হবে না।’
শিক্ষাব্যবস্থায় বিগত সরকারের সময়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে এই সংসদ সদস্য বলেন, ‘গত ১৭ বছর শিক্ষার্থীদের শেখানো হয়েছে, শেখ মুজিবুর রহমান জাতির পিতা। বইপুস্তকে এসব কথা তার মতো শিক্ষক এবং অন্য শিক্ষকেরাই লিখেছেন। তাদের দিয়ে এসব লেখানো হয়েছে এবং শিক্ষার্থীদের তা পড়ানো হয়েছে।’
১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হতেন, তাহলে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মারা যেত না। এমনকি লাশ দাফন করার মতো লোকও পাওয়া যায়নি।’
বাকশিসের কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সময়ের আলো/এসকে