
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রোববার গোপালগঞ্জে দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীরা। ছবি : সময়ের আলো
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রোববার গোপালগঞ্জে দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীরা। ছবি : সময়ের আলোকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক ঘিরে। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, খুলনা, বাগেরহাট, ময়মনসিংহ, দিনাজপুর, জামালপুরসহ বিভিন্ন জেলায় হামলা ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোথাও যান চলাচল বন্ধ হয়ে যায়, কোথাও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগের দুই কর্মী নিহত : শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপির নেতাকর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। রোববার ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন। এ দুজন হলেন ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। স্থানীয় নেতাকর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইব্রাহিম সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। আর আওয়ামী লীগের কর্মী নিজামউদ্দিন মাদারীপুরের শিবচর উপজেলার মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।
ইব্রাহিম সিপাহীর সুরতহাল করেছেন শরীয়তপুর সদর থানার ওসি শাহ আলম। তিনি বলেন, নিহতের শরীরে একটি ছিদ্র দেখতে পেয়েছেন তিনি। তবে সেটি গুলি কি না এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। শরীয়তপুর সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। নিজামউদ্দিন মৃধা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন বলে ওসি জানতে পেরেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। এদিকে কর্মসূচি প্রতিহত করতে গত শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে পাল্টাপাল্টি ককটেল নিক্ষেপের ঘটনা চলে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, সংঘর্ষের সময় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়েছে। গুলির ঘটনাও ঘটেছে। ঘটনাস্থলে থাকা বিএনপির নেতাকর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় লোকজনের ভাষ্য।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ। পরে তিনি বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।
ঘটনার সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। সংঘর্ষ চলাকালে নিহত হন ইব্রাহিম। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এসব ঘটনায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। জাজিরা থানার পুলিশ জানায়, সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, ‘লকডাউনকে কেন্দ্র করে যাতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করতে পেরেছি। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।’
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, অবরোধের সময় সংঘর্ষের ঘটনায় গুলি ছোড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনাস্থল শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায়। ওখানে দুই পক্ষের মধ্যে সংঘাতে গুলিবিদ্ধ শিবচরের এক বাসিন্দাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন।
গোপালগঞ্জে সড়ক অবরোধ : গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। রোববার সকাল থেকে বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। লকডাউন কর্মসূচি সফল করতে উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিলসহ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। লকডাউন কর্মসূচির কারণে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ফলে উপজেলার বিভিন্ন সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন।
এদিকে লকডাউনের প্রভাবে উপজেলার ঘাঘর বাজারসহ বিভিন্ন হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ, যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়েন। এতে উপজেলার জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্য দুটি অবিস্ফোরিত ছিল। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পাবনার বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার ভোর ৪টার দিকে থানার সামনে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও শটগানের গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সহিংসতার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামের নেতাকর্মীদের নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে যায়। এদিকে সকাল সাড়ে ৬টার দিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শহিদ খালেক স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে নাশকতাবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বাগেরহাট থেকে দূরপাল্লার সব বাস চলাচল সকাল থেকে বন্ধ ছিল। মহাসড়ক ও পরিবহনের নিরাপত্তার শঙ্কায় দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয় মটরযান মালিক ও শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। তবে যাত্রী কম হলেও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অফিসপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ এ সাধারণ ডায়রিটি করেছেন।
সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, সকাল ৮টা ৫৫ মিনিটে যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার সাজেদুল করিম গেট খুলে প্রবেশ করে দেখতে পান যুব উন্নয়ন ও সমবায় অফিসের মাঝামাঝি স্থানে কাচের বোতলের ভাঙা টুকরো এবং দেয়ালের কিছু অংশ পুড়ে কালো দাগ লেগে আছে। এ সময় নির্বাহী অফিসের নাইটগার্ড মতিউর রহমানও ঘটনাস্থলে এসে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।
খুলনার খানজাহান আলী থানার তিনটি পৃথক স্থানে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এসব হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে কোনো ঘটনাতেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে শিরোমনি বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের আটরা-গিলাতলা ও ফুলতলা উপজেলা শাখার জানালা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে জানালা ভেঙে বোমাটি ভেতরে গিয়ে পড়লে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরী ও পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
প্রথম ঘটনার ১০ মিনিট পর শিরোমনি বাজার সংলগ্ন বিআরটিসি বাস ডিপো লক্ষ্য করে আরেকটি পেট্রোল বোমা ছোড়া হয়। বোমাটি ডিপোর বাইরে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর ঠিক ৫ মিনিট পর স্থানীয় একটি ল্যাটেক্স প্ল্যান্ট লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমা প্ল্যান্টের বাইরের দেয়ালে লেগে পাশের ড্রেনের পানিতে পড়ে নিভে যায় এবং অন্যটি দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। এ ঘটনায়ও প্রতিষ্ঠানটির কোনো ক্ষতি হয়নি।
চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনে আগুনে দুটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে নগরীর কদমতলী আউটার এলাকায় পোস্তার পাড়ের কাছাকাছি এ ঘটনা ঘটে। বগির পরিচ্ছন্ন কাজের জন্য নির্ধারিত ওয়াশপিট থেকে ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় দুটি আসনে আগুন দেওয়া হয়। তবে রেলওয়ের কর্মীরা দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি হয়নি।
দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় দুর্বৃত্তদের ছোড়া তিনটি পেট্রোল বোমায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের বারান্দায় থাকা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। তবে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি। রোববার ভোর ৩টা ২৫ মিনিটে চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটিতে এ ঘটনা ঘটে।
জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে জামালপুর-তারাকান্দি ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে যথাযথ পদক্ষেপ নেওয়ার পর ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়। রোববার ভোররাতে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল ও মাদারীপুর অংশে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
রোবববার ভোররাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এবং উজিরপুর ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী এলাকার মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। একই সময়ে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকাতেও সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।