
‘নদী একটি জীবন্ত সত্তা, এর আইনি অধিকার নিশ্চিত করুন’- প্রতিপাদ্য নিয়ে আজ (২২ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশও পালিত হচ্ছে। নদীকে রক্ষা করতে বিশ্বের বহু দেশে দিবসটি পালিত হচ্ছে। পরিবেশবাদী সংগঠনগুলো প্রতিবারের মতো এবারও নদীর দিকে পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে।
বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন (বাপা) জানায়, দিবসটি উদযাপনের অংশ হিসেবে রাজধানী ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে বিভিন্ন সংগঠনের নেতারা পদযাত্রা করবেন। বুড়িগঙ্গা নদীর পাড় সদরঘাট টার্মিনালে গিয়ে এই পদযাত্রা শেষ হবে। ‘নদীর জন্য পদযাত্রা’ অনুষ্ঠানটি হবে ব্যানার, ফেস্টুন, পোস্টার, বেলুন, ফুল প্রভৃতি দিয়ে বর্ণিল ও উৎসবমুখর। সঙ্গে থাকবে তারুণ্য-নির্ভর গান ও বাদ্যযন্ত্রী দল।
এ বিষয়ে বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন বলেন, অনুষ্ঠানের যৌথ আয়োজক হিসেবে সারাদেশের নদী ও পরিবেশ বিষয়ক প্রায় ৭০টি সংগঠন এতে যুক্ত হয়েছে। সবাইকে এক করে দুই বছর আগে ‘বিশ্ব নদী দিবস উদযাপন পরিষদ, বাংলাদেশ’ গঠন করা হয়েছিল। এবার তাদেরই আয়োজনে পুরো কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, ১৯৮০ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে শিক্ষক ও নদীপ্রেমিক মার্ক অ্যাঞ্জেলোর উদ্যোগে সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার দিবসটি পালনের সূচনা হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় তা ছড়িয়ে পড়ে। ২০০৫ সালে জাতিসংঘের পক্ষ থেকে দিবসটি সমর্থন করা হয়। বাংলাদেশে ২০১০ সাল থেকে নদী দিবস পালন শুরু করা হয়।