
দলীয় পদ থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘টানা তিনবার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন বিদায় নেয়ার জন্য আমি প্রস্তুত।’
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে নিজ সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন হয়ে গেছে। আমিও চাই আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব কাউন্সিলরা ঠিক করেন। কাউন্সিলদের সিদ্ধান্তটাই চূড়ান্ত। আওয়ামী লীগের আগামী কাউন্সিলে যদি একজন কাউন্সিলরও আমাকে নেতৃত্বে না চায় তাহলে আমি থাকব না। আমি বিদায় নেয়ার জন্য প্রস্তুত আছি।
তিনি বলেন, যেদিন থেকে আওয়ামী লীগে আমার অবর্তমানে আমাকে প্রেসিডেন্ট করা হয়েছে তখন থেকেই আমি এই শর্ত মেনে যাচ্ছি। এটা ঠিক যে দীর্ঘদিন হয়ে যাচ্ছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও বলেন, কাউন্সিলররা নেতৃত্ব ঠিক করে থাকে। কাউন্সিলরদের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার তো অশনী সময় হয়ে গেছে। জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছেন। এরপর এদেশে ঘটেছে হত্যা, ক্যুর রাজনীতি, গণতন্ত্র ছিল না। মিলিটারি শাসক ছিল। অনেক চড়াই উৎরাই পার করে গণতন্ত্র উদ্ধার করেছি।
তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন থেকে শুরু করে ২০২২ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এরমধ্যে অগ্নিসংযোগসহ অনেক ঘটনা ঘটেছে। এরপরও আমরা একটানা ক্ষমতায় থাকায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এখন আমি বিদায় নেয়ার জন্য প্রস্তুত আছি।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষ করে ৪ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।