প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১:৫০ পিএম আপডেট: ৩১.১০.২০২২ ১:৫৪ পিএম
রাজধানীর গুলশান-বনানী লেকে মাছ নেই, তবে মশার চাষ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, গুলশান-বনানী লেক দূষণ করছেন এই এলাকার অভিজাত বাসিন্দারা। তাদের দূষণের কারণে গুলশান-বনানী লেকে মাছের চাষ করা যায় না, এখানে এখন মশার চাষ করা হচ্ছে।
সোমবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেয়র আতিকুল ইসলাম বলেন, লেকের পানি দূষণ কমাতে বাসার পয়োবর্জ্য ড্রেনে ফেলা যাবে না। নিজের বাসায় সেপটিক ট্যাংক বসাতে হবে। এছাড়া ঢাকার বায়ু দূষণ কমাতে ইটের ভাটা বন্ধ করতে হবে। ইটের ব্যবহার বাদ দিয়ে সিমেন্টের ব্লক ব্যবহার করতে হব।
তিনি আরো বলেন, ঢাকা শহরের ৫৬ ভাগ বায়ু দূষণ হচ্ছে ইটের ভাটার কারণে। এছাড়া রাস্তার ধূলাবালুর কারণে ১৮ ভাগ, যানবাহনের কারণে দূষণ হচ্ছে ১০ ভাগ।
সিপিডি আয়োজিত ‘‘বায়ু ও প্লাস্টিক দূষণ হ্রাসের মাধ্যমে শহর সবুজায়ন’’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, ব্র্যাকের নির্বাহী পরিচালক লিয়াকত আলী, ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর নির্বাহী পরিচালক ড. দিবালোক সিংহ প্রমুখ।
এফএইচ