ভুটানি তরুণী কারমা দেমা সুস্থ হয়ে ফিরছেন দেশে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এক দশক আগে নাকের গহ্বরে ক্যান্সার ধরা পড়ে ভুটানি তরুণি কারমা দেমা। ভুটানে সেই চিকিৎসা না থাকায় যান ভারতে। নাকের

2024-02-10T17:43:30+00:00
2024-02-10T17:44:57+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
ভুটানি তরুণী কারমা দেমা সুস্থ হয়ে ফিরছেন দেশে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৩ পিএম  আপডেট: ১০.০২.২০২৪ ৫:৪৪ পিএম
ভুটানি তরুণী কারমা দেমা সুস্থ হয়ে ফিরছেন দেশে
এক দশক আগে নাকের গহ্বরে ক্যান্সার ধরা পড়ে ভুটানি তরুণি কারমা দেমা। ভুটানে সেই চিকিৎসা না থাকায় যান ভারতে। নাকের গহ্বরে ক্যান্সার নিয়ে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে কয়েক দফা চিকিৎসা নেন। কিন্তু সেখানেও কাজ না হওয়ায় মাস দুই আগে ভর্তি হন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। গত মাসে এই হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর এখন সুস্থ ২৩ বছরের এ ভুটানি তরুণী। অপেক্ষায় আছেন নিজ দেশে ফেরার। শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে কারমা দেমার চিকিৎসার পেছনের গল্প আর স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কারমার চিকিৎসা বোর্ডের নেতৃত্বে থাকা বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক প্রদীপ চন্দ্র দাস বলেন, ১০ বছর আগে কারমার নাকের গহ্বরে ক্যানসার শনাক্ত হয়। ভারতের টাটা মেমোরিয়ালে গিয়েও কাজ না হওয়ায় বাংলাদেশে আসেন কারমা। এ দেশের চিকিৎসকরা তিনটি বোর্ড গঠন করে তার ক্ষতিগ্রস্ত নাক ঠিক করার চেষ্টা শুরু করেন।

সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের সুস্থতার কথা তুলে ধরে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জানান কারমা দেমার। তিনি বলেন, আমি আজ এখানে এসেছি সবাইকে ধন্যবাদ দিতে। সার্জারির আগে অনেক টেনশন ছিলাম আমার কন্ডিশন নিয়ে। এখন সার্জারির পর আমি অনেক ভালো অনুভব করছি। এখানে চিকিৎসা অনেক ভালো ছিল। আমি সুস্থ অনুভব করছি। আমি এজন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

কারমার বাংলাদেশে আসার গল্প তুলে ধরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, ভুটানে আমরা যখন গিয়েছিলাম, তখন আমি কিন্তু সবগুলো আউটডোরেই ছিলাম। এই মেয়েটা সম্পর্কে আমাদের যখন আলাপ হয়, আমরা চিন্তা করলাম মেয়েটাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। আমি তাৎক্ষণিকভাবে ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বললাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একটা মেসেজ দিলাম যে, আমরা একজন রোগী নিয়ে আসছি। তো উনি বললেন, ঠিক আছে, তুমি নিয়ে আসো।

সংবাদ সম্মেলনে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভুটান বন্ধুরাষ্ট্র৷ ভুটানের মেডিসিন খাত নিয়েও বাংলাদেশ কাজ করছে। বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজেও ভুটানের অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে। আমি ভবিষ্যতেও ভুটান-বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকবে বলে বিশ্বাস করি।

কারমার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাসিব রহমান এবং কারমার বড় ভাই কারমা ফুঁনথো সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভুটান সরকার যৌথভাবে থিম্পুতে বাংলাদেশি চিকিৎসকদের মাধ্যমে একটি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের আয়োজন করে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ছিলেন সেই ১৪ সদস্যদের চিকিৎসক দলের নেতৃত্বে। তিনি বার্ন ইন্সটিটিউটগুলোর জাতীয় প্রধান সমন্বয়কও। বিদেশি নাগরিককে জাতীয় প্রতিষ্ঠানে এনে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা আছে। এরপর ভুটান ও বাংলাদেশ সরকার কারমার চিকিৎসা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে করার বিষয়ে একমত হয়। গত ১৪ ডিসেম্বর তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। কারমার অস্ত্রোপচার হয় ৯ জানুয়ারি। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের তিনটি টিম যৌথভাবে প্রায় ৯ ঘণ্টা ধরে নাক পুনর্গঠনের সার্জারি করে। তার শরীরের তরুণাস্থি ও হাতের চামড়া নিয়ে নাক পুনর্গঠন করা হয়।

সময়ের আলো/জেডডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: