পুড়ে ছাই বাবা সন্তান, করা গেল না আলাদা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

এক দিন বিরতি রেখে আবারও অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর রাফায় বিমান হামলা শুরু করেছে দখলদার ইহুদি বাহিনী। গত রোববার রাফার

2024-05-29T01:26:57+00:00
2024-05-29T01:26:57+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
পুড়ে ছাই বাবা সন্তান, করা গেল না আলাদা
রাফায় ইসরাইলি নৃশংসতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ১:২৬ এএম 
পুড়ে ছাই বাবা সন্তান, করা গেল না আলাদা
এক দিন বিরতি রেখে আবারও অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর রাফায় বিমান হামলা শুরু করেছে দখলদার ইহুদি বাহিনী। গত রোববার রাফার তাল আস-সুলতান অঞ্চলের একটি আশ্রয় শিবিরে হামলা চালিয়েছিল তারা। মাঝখানে সোমবার বিরতি দিয়ে গতকাল মঙ্গলবার প্রথম প্রহর থেকে আবার হামলা শুরু করেছে তারা। রাফা অভিমুখে ছুটে যাচ্ছে ইসরাইলি ট্যাঙ্কবহর।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে অন্তত ৪৬ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছে। ইসরাইলি সেনারা রাফা অভিমুখে ধেয়ে আসছে। সেখানে আগেই হামলা চালিয়ে নারী-শিশুসহ ৪৫ জনকে হত্যা করেছিল তারা।

রাফার তাল আস-সুলতান, সৌদি, তাল জারুব এবং আল-হাশাশিনসহ বেশ কয়েকটি অঞ্চলে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। এতে ৪৫ জনের মতো নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু।

ইন্টারন্যাশনাল মেডিকেল কর্পস-এর গাজা বিষয়ক জরুরি সহায়তা প্রদানকারী দলের পরিচালক জাভেদ আলি হামলার ভয়াবহতা জানাতে গিয়ে একটি ভিডিও সাক্ষাৎকারে বলেছেন, বিমান হামলার শব্দে আমরা হাসপাতালে ছুটে যাই এবং পৌঁছানোর প্রায় পাঁচ মিনিটের মধ্যে আমরা দেখতে পাই, অ্যাম্বুলেন্স আসতে শুরু করেছে। আমার মনে হয় মোট ৭৫ জনের মতো রোগী ছিল। সেই ৭৫ জনের মধ্যে ২৫ জনের অবস্থা ছিল গুরুতর।

জাভেদ আলি আরও বলেন, আমি একজন বাবার মরদেহ দেখেছি, যিনি তার প্রায় ৩ বছর বয়সি সন্তানকে জড়িয়ে ধরে ছিলেন। তারা পুড়ে ছাই হয়ে গেছে। আমরা তাদের আলাদা করতে পারিনি। তাই আমাদের দুইজনকে বডি ব্যাগে একসঙ্গে রাখতে হয়েছিল। ‘এটি খুব কঠিন একটি কাজ ছিল’- বলছিলেন তিনি।

রাফার কেন্দ্রস্থল দখল নিল ইসরাইল : গাজার দক্ষিণের শহর রাফার কেন্দ্রস্থলে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি ইসরাইলি ট্যাঙ্ক। অভিযান শুরুর প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার প্রথমবারের মতো এসব ট্যাঙ্ক শহরটিতে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শী ও রাফা শহরের স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ইসরাইলি ট্যাঙ্ক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আল-আওদা গোলচত্বরের নিয়ন্ত্রণ নিয়েছে। দক্ষিণ দিকে ফিলিস্তিন-মিসর সীমান্ত থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত গোলচত্বর ইসরাইলি সেনাবাহিনী দখল করে নিয়েছে। সেখানে তীব্র আর্টিলারি গোলাবর্ষণের চিহ্ন দেখা গেছে।  

তিন সপ্তাহ আগে মিসরঘেঁষা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে রাফায় আগ্রাসন শুরু করে ইসরাইল। এরপর থেকে তাদের ট্যাঙ্কগুলো শহরটির চারপাশে তল্লাশি চালিয়েছে। পূর্ব দিকের কয়েকটি জেলায় প্রবেশ করেছে। কিন্তু শহরের ভেতরে এতদিন প্রবেশ করেনি। এর মধ্যেই রাফার কেন্দ্রস্থলে অবস্থান নেওয়ার কথা জানাল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শহরের পশ্চিম দিকে আমিরাতি হাসপাতালে পরিবারের সদস্যদের সঙ্গে আশ্রয় নেওয়া এক প্রত্যক্ষদর্শী বর্ণনা করেছেন কীভাবে সৈন্যরা চত্বরের ওপরের একটি ভবনের শীর্ষে অবস্থান নেয় এবং ওই এলাকার যেকোনো গতিবিধিতে গুলি চালাতে শুরু করে।

প্যারিসে বিক্ষোভ: গাজা উপত্যকার রাফা শহরে ইসরাইলের ভয়াবহ গোলাবর্ষণের বিরুদ্ধে সোমবার প্যারিসে ইসরাইলি দূতাবাসের কাছে প্রায় ১০ হাজার লোক বিক্ষোভ প্রদর্শন করেছে। ফরাসির রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ইসরাইলি দূতাবাস থেকে কয়েকশত মিটার দূরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং সেখানে ‘আমরা সবাই গাজার শিশু’, ‘মুক্ত গাজা’ এবং অন্যান্য ফিলিস্তিনপন্থি স্লোগান দেয়।

সমাবেশের আয়োজনকারী অ্যাসোসিয়েশন ফ্রান্স-প্যালেস্টাইন সলিডারিটি গ্রুপের ফ্রাঁসোয়া রিপ বলেন, ‘এটি একটি বড় ধরনের গণহত্যা।’ এদিকে প্যারিস পুলিশ সার্ভিস জানিয়েছে, বিক্ষোভ-সমাবেশে প্রায় ১০ হাজার লোক অংশগ্রহণ করেছিল।

সমাবেশে একটি বড় ব্যানারে লেখা ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাষ্ট্রের জো বাইডেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘মানবতাকে হত্যা করছে।’ ইসরাইলি হামলার নিন্দা জানিয়েই দায় সেরেছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র।

মৃত্যু ছাড়াল ৩৬ হাজার: গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে। মঙ্গলবার চীনভিত্তিক সিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে ৮১ হাজারেরও বেশি।

এদিকে দক্ষিণ গাজার রাফা শহরে বাস্তুচ্যুত ব্যক্তিদের ক্যাম্পে ইসরাইলি হামলায় শিশু, নারী ও বৃদ্ধসহ ৪৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে।

কূটনীতিকরা বলেছেন, আলজেরিয়া (বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য) এই বৈঠক ডাকার অনুরোধ করেছিল। এই বৈঠক রুদ্ধদ্বার হবে। জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে।

প্রসঙ্গত, হামাস গত রোববার রাফাহ থেকে তেল আবিবের দিকে ৮টি রকেট ছুড়েছিল যা জানুয়ারির পর থেকে ইসরাইলি কোনো শহরে প্রথম দূরপাল্লার হামলা ছিল। এর পরই রোববার রাতে রাফাহর তাল আস-সুলতান অঞ্চলের একটি আশ্রয় শিবিরে বিমান হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী। ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা দুইজন ‘জ্যেষ্ঠ হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে’ এবং ‘এ অঞ্চলে বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনা তদন্ত করছে।’

তিন সপ্তাহ আগে রাফাহতে ইসরাইলি সামরিক বাহিনী স্থল অভিযান শুরু করার পর থেকে প্রায় ৮ লাখ মানুষ রাফাহ ছেড়ে পালিয়ে গেলেও কয়েক হাজার মানুষ এখনও তাল আস-সুলতান, সৌদি, তাল জারুব এবং আল-হাশাশিনসহ বেশ কয়েকটি অঞ্চলে আশ্রয় শিবিরে অবস্থান করছিল।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: