প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৩ পিএম (ভিজিট : ১৩৫১)
পৃথিবীতে দরিদ্র ও অভাবী বলতে বোঝায় যার নিকট টাকা-পয়সা নেই বা খুবই কম রয়েছে যার। কিন্তু ইসলাম যেহেতু আখেরাতের জীবনকে আসল জীবন হিসেবে গুরুত্ব দেয়, তাই আখেরাতে যে নিঃস্ব হবে সেই প্রকৃত দরিদ্র বলে বিবেচিত। আখেরাতে পৃথিবীর টাকা-পয়সার লেনদেন হবে না। বরং সওয়াব ও নেকির লেনদেন হবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিতÑ তিনি বলেন, একদিন রাসুল (সা.) বললেন, তোমরা কি জান দরিদ্র কে? সাহাবিগণ বললেন, আমাদের মধ্যে সেই ব্যক্তি তো দরিদ্র যার অর্থ-সম্পদ নেই। তখন রাসুল (সা.) বললেন, কেয়ামতের দিন (হাশরের মাঠে) আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিই দরিদ্র হবে, যে দুনিয়া হতে নামাজ, রোজা ও জাকাত আদায় করে আসবে এবং সঙ্গে সঙ্গে ওই সমস্ত লোকও আসবে, যাদেরকে সে গালি দিয়েছে, যাদের ওপর অপবাদ দিয়েছে, যাদের সম্পদ গ্রাস করেছে, যাদেরকে হত্যা করেছে এবং যাদেরকে প্রহার করেছে। এরপর ওই ব্যক্তিকে তার নেকি প্রদান করা হবে এবং সেই নেকি থেকে ওইসব হকদারকে প্রদান করা হবে। এভাবে হকদারদের হক পরিশোধ করার পূর্বে যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তাদের গুনাহসমূহ ওই ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এভাবেই ওই অত্যাচারী ব্যক্তি
নিজের নেকি হারিয়ে দরিদ্র হয়ে যাবে। (মুসলিম : ৬৭৪৪; তিরমিজি : ২৪১৮; মুসনাদে আহমাদ : ৭৯৬৯)। আল্লাহ তায়ালা আমাদের এমন পরিস্থিতি থেকে রক্ষা করুন।
ষ ইসলামের আলো ডেস্ক