
উচ্ছেদ অভিযান কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, এসব উচ্ছেদ অভিযান অবৈধ দখলদারদের বিরুদ্ধে। কোনোভাবেই এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না।
বুধবার ডিএসসিসির ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠ সংলগ্ন এলাকায় বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গত মঙ্গলবার নকশা বহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এর দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ওরফে দেলু। বুধবার এই মামলা গ্রহণ করে তা তদন্তের নির্দেশ দেন আদালত।
এই মামলার পরপরই অভিযুক্ত সাবেক মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের কাছে বলেন, বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দেলোয়ার হোসেন ওরফে দেলুকে দিয়ে সব নোংরামি করছেন। এতে করে তার নিজের ও দলের ইমেজ ক্ষুন্ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাঈদ খোকনের এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে মেয়র তাপস বলেন, আমি আবারও খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম কোনো ব্যক্তি কেন্দ্রিক না। কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা ওই ব্যক্তির বিষয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের বিষয় ন।
অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে জানিয়ে মেয়র বলেন, কোনোভাবেই এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। আমরা কোনোভাবেই আপস করব না।
প্রসঙ্গত, নকশা অবৈধ দোকান উচ্ছেদে গত ৮ ডিসেম্বর থেকে রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ অভিযান চালাচ্ছে ডিএসসিসি। সংস্থাটি জানিয়েছে, নকশা অনুযায়ী এই মার্কেটে দুই হাজার ২৮৪টি দোকান থাকার কথা। কিন্তু গত কয়েক দশকে সেখানে নকশা বহির্ভূতভাবে ৯১১টি দোকান নির্মাণ করা হয়েছে। এসব দোকানকে সাবেক মেয়র সাঈদ খোকন বৈধতা দিতে চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।