রাজধানী ঢাকা এক আজব শহর। ইট-পাথরের এই শহরে প্রতিনিয়ত চলে জীবনযুদ্ধ। সেই যুদ্ধে কেউ জেতে, কেউ হারে। পরাজিতদের কারও কারও ভাগ্যে নেমে আসে করুণ মৃত্যু। তাদের কেউ কেউ এমনই হতভাগ্য যে, মৃত্যুকালে স্বজনের সহযোগিতা পাওয়া তো দূরের কথা তাদের প্রিয়মুখগুলোও দেখার সুযোগ হয় না। অন্তিম বিদায়েও স্বজনের হাতের একটু মায়াময় ছোঁয়া পায় না তারা।
দুর্ঘটনা, হত্যা, আকস্মিক অসুস্থতায় মৃত্যু কিংবা অন্য কোনো কারণে অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়ে হাসপাতাল মর্গে ঠাঁই হয় তাদের। অনেক চেষ্টার পরও স্বজনদের সন্ধান না পাওয়ায় লাশগুলোকে অজ্ঞাতপরিচয় লাশ হিসেবে ঘোষণা করে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ- যাকে বলে বেওয়ারিশ লাশ। একপর্যায়ে এই বেওয়ারিশ লাশের ঠাঁই হয় ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’ নামে দাতব্য সংস্থায়। তারাই সম্পন্ন করে এসব লাশ দাফনের প্রক্রিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীতে গড়ে প্রতি মাসে ৭০টি বেওয়ারিশ লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। এ ছাড়া গত ১১ বছরে (২০১০ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত) সংস্থাটি ১২ হাজার ৯০৮টি বেওয়ারিশ লাশ দাফন করেছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ শতাধিক বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম। এদের প্রায় অর্ধেকই নারী।
সম্প্রতি রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। তার পরনে ছিল সাদা ছাপার লুঙ্গি ও পাঞ্জাবি। ঢাকা রেলওয়ে থানার ওসি মাজহারুল হক সময়ের আলোকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) টিম পরিচয় জানতে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করছে বলে জানায়। তিনি আরও বলেন, পরিচয় না পেলে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হবে। এভাবেই অজ্ঞাত লাশের শেষ ঠিকানা হয় আঞ্জুমান মফিদুল ইসলামে।
আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি এবং সমন্বয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখ্শ সময়ের আলোকে বলেন, অজ্ঞাতপরিচয় লাশ কিছুদিন মর্গে থাকার পরে বেওয়ারিশ হিসেবে আমাদের কাছে আসে। পরে দাফনের ব্যবস্থা করা হয়। এ সময় সরকারিভাবে ছবি তোলা হলেও তা পাওয়া যায় না। অনেক নিখোঁজ ব্যক্তির আত্মীয়-স্বজন আঞ্জুমানে ভিড় করলেও আমরা সঠিক তথ্য দিতে পারি না। যদি লাশের সঙ্গে লাশের ছবি পাওয়া যেত তাহলে খুব সহজেই স্বজনরা ওই ছবি দেখে তাদের শনাক্ত করতে পারত। তবে বেশিরভাগ লাশেরই খোঁজ করতে কেউ আসে না এখানে। যেসব পরিবারে কোনো ব্যক্তি নিখোঁজ থাকে দীর্ঘদিন, তারাও একদিন ভুলে যায়। আবার অনেকের আশা থাকে একদিন হয়তো নিখোঁজ ব্যক্তিটি পরিবারের কাছে ফিরে আসবে।
যেভাবে আঞ্জুমানে আসে বেওয়ারিশ লাশ : পুলিশ সূত্রে জানা যায়, একটি অজ্ঞাতপরিচয় লাশ শনাক্তের জন্য তিন মাস তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমে ময়নাতদন্ত হয়, পরিচয় জানার জন্য আঙুলের ছাপ থেকে এনআইডির সঙ্গে মেলানোর চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে যদি পরিচয় না পাওয়া যায় সেক্ষেত্রে ডিএনএ নমুনা নিয়ে সিআইডিকে পাঠানো হয়। এ ছাড়া মামলা হয়। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর সবগুলো থানাকে লাশ সম্পর্কে জানানো হয়। এরপরও যখন পরিচয় মেলে না তখন বেওয়ারিশ লাশের ঠিকানা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামে।
আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তা আবদুল আউয়াল সময়ের আলোকে বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করে থানা পুলিশ। সবশেষ যখন পরিচয় মেলে না তখন আসে আমাদের কাছে। আমরা সেই মরদেহের সব কাজ শেষ করে দাফনের ব্যবস্থা করি। তবে তাদের পরিচয় নিশ্চিত করার জন্য কিছু তথ্য রাখা হয়। ছবিও তুলে রাখা হয়। কিন্তু অধিকাংশ লাশ বিকৃত থাকায় শনাক্ত করা সম্ভব হয় না। তবে বেওয়ারিশ লাশের ওয়ারিশ বা পরিবার-পরিজনের খবর পাওয়া যায় হাজারে দুই থেকে তিনটা।
অজ্ঞাত লাশের সংখ্যা বেড়েই চলেছে : জানা গেছে, গত ১১ বছর আঞ্জুমান মুফিদুল ইসলাম ১২ হাজার ৯০৮টি বেওয়ারিশ লাশ দাফন করেছে। এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৫ শতাধিক বেওয়ারিশ লাশ দাফন করে। সংস্থাটির এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১০ সালে ১ হাজার ২০৪টি লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। এরপর ২০১১ সালে ১ হাজার ১৯১টি, ২০১২ সালে ১ হাজার ২৪৭টি এবং ২০১৩ সালে ১ হাজার ৪৩০টি লাশ দাফন করা হয়। পরের বছর সব থেকে বেশি ১ হাজার ৪০৫টি লাশ পাওয়া যায়। এরপর ২০১৫ সালে ১ হাজার ২৮৬টি, ২০১৬ সালে ১ হাজার ৩৮৫টি, ২০১৭ সালে ১ হাজার ৩১৮টি, ২০১৮ সালে ১ হাজার ১৪টি, ২০১৯ সালে ৭৯৫ ও ২০২০ সালে ৬৩৩টি লাশ দাফন করেছে সংস্থাটি। এ ছাড়াও বেওয়ারিশের বাইরেও গত ১১ বছরে সংস্থাটি ওয়ারিশ লাশ দাফন করেছে ৫ হাজার ১২০টি।
আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি এবং সমন্বয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখ্শ আরও বলেন, অনেক সময় লাশগুলো এমন অবস্থায় আনা হয় যে, সেগুলোর বেশির ভাগই শনাক্ত করা সম্ভব হয় না। দেখা যায়, এক দিনে ১৫ থেকে ২০টা লাশ দাফন করা হয়। সেক্ষেত্রে কার কবর কোনটা সেটাও বলা যায় না। এ ছাড়া আমাদের নিজস্ব কোনো কবরস্থান নেই। নিজেদের কবরস্থান হলে তা সংরক্ষণ বা নাম্বারিং করা যেত এবং সহজে খুঁজে বের করা যেত। তবে যদি কোনো পরিবার এসে একটা টাইম লিমিট বলতে পারেন যে, ওই সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে বা ব্যক্তির বর্ণনা দিতে পারেন তাহলে আমরা আমাদের নথি ঘেঁটে মেলানোর চেষ্টা করি। সেটা খুব কম হয়। বছরে দুই-তিনটা এমন ‘কেস’ থাকে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম সময়ের আলোকে বলেন, দীর্ঘ প্রক্রিয়া শেষে লাশগুলো বেওয়ারিশ গণ্য হয় এবং আঞ্জুমানে পাঠানো হয়। পরিচয় শনাক্তের জন্য সব ধরনের চেষ্টা করে থানা পুলিশ। আঞ্জুমানে তথ্য দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, একটি বেওয়ারিশ লাশের সব তথ্য পুলিশ ও আদালতের কাছে থাকে। প্রয়োজনসাপেক্ষে তাদের দেওয়া হয়।
১৯০৫ সালে বেওয়ারিশ লাশ দাফনের মধ্য দিয়ে যাত্রা শুরু আঞ্জুমান মুফিদুল ইসলামের। তবে লাশ দাফন ছাড়াও এ দাতব্য সংস্থার আরও কিছু কার্যক্রম রয়েছে। সংস্থাটির বর্তমানে ৪০টি অ্যাম্বুলেন্স ও ফ্রিজিং ভ্যান রয়েছে। সেগুলো ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে রোগী ও লাশ পরিবহন করে থাকে। এ ছাড়াও অসহায়, এতিম ও দরিদ্রদের শিক্ষায় এগিয়ে এসেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। রয়েছে ঢাকা ও ঢাকার বাইরে ৯টি হোম এতিমখানা। বর্তমানে বাংলাদেশে বেওয়ারিশ লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের ২৮টি শাখা সক্রিয়।