মেট্রোপলিটন পুলিশ ‘আইকন’ ইউনিট

আলমগীর হোসেন

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেখানে বাংলাদেশ পুলিশবাহিনীর প্রায় পুরো আদলেই রয়েছে নানা শাখা। ৫০টি থানা ছাড়াও ক্রাইম বিভাগ, গোয়েন্দা বিভাগ,

2022-01-23T09:22:22+00:00
2022-01-23T09:22:22+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জাতীয়
কেবল ডিএমপিতে রয়েছে ৩৪ হাজার সদস্য
মেট্রোপলিটন পুলিশ ‘আইকন’ ইউনিট
আলমগীর হোসেন
প্রকাশ: রোববার, ২৩ জানুয়ারি, ২০২২, ৯:২২ এএম   (ভিজিট : ৭৭৭)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেখানে বাংলাদেশ পুলিশবাহিনীর প্রায় পুরো আদলেই রয়েছে নানা শাখা। ৫০টি থানা ছাড়াও ক্রাইম বিভাগ, গোয়েন্দা বিভাগ, কাউন্টার টেররিজম ইউনিট, সাইবার ক্রাইম ইউনিট, সোয়াত টিম, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ এরকম প্রায় ৩৪টি শাখায় দায়িত্ব বণ্টন করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিএমপি। কেবল ডিএমপি নয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ (সিএমপি) দেশের মোট আটটি মেট্রোপলিটন পুলিশ বা মহানগর পুলিশ ইউনিট বর্তমানে বাংলাদেশ পুলিশের ‘আইকন’ ইউনিট হিসেবে কাজ করে যাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম সময়ের আলোকে বলেন, রাজধানীর নিরাপত্তাব্যবস্থা, নগরবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা সজাগ থাকে ডিএমপি। কনস্টেবল থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা ২৪ ঘণ্টাই নগরবাসীকে পুলিশি সেবা দিয়ে যাচ্ছেন।

সারা দেশে বাংলাদেশ পুলিশবাহিনীর আটটি মেট্রোপলিটন পুলিশ বা মহানগর পুলিশ ইউনিট রয়েছে। এগুলো হচ্ছেÑ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), খুলনা মহানগর পুলিশ (কেএমপি), সিলেট মহানগর পুলিশ (এসএমপি), বরিশাল মহানগর পুলিশ (বিএমপি), রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) ও গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। 

এর মধ্যে সবচেয়ে বড় ইউনিট হলো ডিএমপি। কেবল ডিএমপিতেই পুলিশের ৩৩ হাজার ৯৩৫ জন সদস্য নিয়োজিত। এর দ্বিতীয় অবস্থানে থাকা সিএমপিতে রয়েছেন ৭ হাজার ৮৩ জন পুলিশ সদস্য। 

পুলিশের আইকন ইউনিট ডিএমপিতে কমিশনার কার্যালয় থেকে শুরু করে ক্রাইম বিভাগসহ অন্তত ৩৪টি বিভাগ বা শাখা রয়েছে। এসব শাখার মাধ্যমে নগরবাসীর নিরাপত্তাসহ আধুনিক পুলিশি সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এ প্রসঙ্গে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সময়ের আলোকে বলেন, নগর বা শহরে বিপুলসংখ্যক মানুষের বসবাস থাকে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানও থাকে। এ রকম নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখে মূলত মেট্রোপলিটন পুলিশ গঠন হয়। এখানে নগরবাসীর নিরাপত্তা এবং উন্নত পুলিশি সেবাই ডিএমপির মূল উদ্দেশ্য। এখানে মেট্রোপলিটন পুলিশের আচরণগত বৈশিষ্ট্য শহরেও যা গ্রামেও তাই হয়ে থাকে। এখানে পার্থক্য মূলত মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের একটি অধ্যাদেশে পরিচালিত হয়। তবে সাধারণভাবে রেঞ্জ বা জেলা পুলিশের কাজ যেগুলো, মেট্রোপলিটন পুলিশেরও সেই একই কাজ বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহানগর পুলিশ তুলনামূলকভাবে বাহিনীর আধুনিক ইউনিট হিসেবে পরিগণিত হয়। শহরের নিরাপত্তা ও বাসিন্দাদের সঙ্গে যথাযথ আচরণ, পুলিশি সেবা, অস্ত্র-সরঞ্জাম ও কলাকৌশল ব্যবহারের ক্ষেত্রে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে অন্য ইউনিটগুলোর কিছুটা পার্থক্য দেখা যায়। 

বাংলাদেশ পুলিশ সূত্রে জানা যায়, মেট্রোপলিটন পুলিশ রাজধানী ঢাকা ও অন্যান্য মহানগরীর জন্য পৃথক অধ্যাদেশে গঠিত পুলিশবাহিনীর বিশেষ ইউনিট। ১৯৭৬ সালের ২০ জানুয়ারি বাংলাদেশে একটি অধ্যাদেশের মাধ্যমে রাজধানী ঢাকার জন্য ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’ গঠন করা হয়। মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানের দায়িত্ব থাকে সরকারের ওপর এবং পুলিশবাহিনীর প্রশাসন কমিশনারের হাতে ন্যস্ত করা হয়। একই পদ্ধতিতে চট্টগ্রামে ১৯৭৮ সালে সিএমপি, খুলনায় ১৯৮৪ সালে কেএমপি এবং রাজশাহীতে ১৯৯২ সালে আরএমপি প্রতিষ্ঠা করা হয়।

বাংলাপিডিয়া সূত্রে জানা যায়, ভারত উপসাগরীয় অঞ্চলে মেট্রোপলিটন পুলিশ সম্পর্কিত ধারণা প্রথম পাওয়া যায় ১৮৫৬ সালে। ওই বছর ভারতের পশ্চিমবঙ্গের মহানগরী কলকাতা, মাদ্রাজ (চেন্নাই) ও বোম্বাইয়ের (মুম্বাই) জন্য একটি আইন দ্বারা আলাদা পুলিশ ইউনিট গঠন করা হয়। ওই সময়কালে শুধু প্রেসিডেন্সি শহরগুলোর জন্য আলাদা পুলিশবাহিনী বা ইউনিট গঠন করা হয়েছিল। ১৮৬১ সালে সর্বভারতীয় পর্যায়ে পুলিশবাহিনীর গঠন, দায়িত্ব ও প্রশাসন বিষয়ক পুলিশ অ্যাক্ট কার্যকর করা হয়।

/আরএ


  বিষয়:   মেট্রোপলিটন পুলিশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: