ব্যবসার প্রধান বাধা দুর্নীতি ও আমলাতন্ত্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে ব্যবসায়ের ক্ষেত্রে দুর্নীতি বড় প্রতিবন্ধকতা বলে মনে করেন ৬৮ শতাংশ ব্যবসায়ী। তারা বলছেন, এই দুর্নীতির পাশাপাশি ব্যবসায়ের আরো দুটি

2022-01-26T20:49:19+00:00
2022-01-26T20:49:19+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
ব্যবসার প্রধান বাধা দুর্নীতি ও আমলাতন্ত্র
সিপিডির জরিপ তথ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২, ৮:৪৯ পিএম 
দেশে ব্যবসায়ের ক্ষেত্রে দুর্নীতি বড় প্রতিবন্ধকতা বলে মনে করেন ৬৮ শতাংশ ব্যবসায়ী। তারা বলছেন, এই দুর্নীতির পাশাপাশি ব্যবসায়ের আরো দুটি বড় প্রতিবন্ধকতা হলো অদক্ষ আমলাতন্ত্র ও ব্যবসায় অর্থায়নে সীমাবদ্ধতা। 

বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব অফিসে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ ২০২১ : উদ্যোক্তা জরিপের ফলাফল শীর্ষক প্রতিবেদন’ অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। এতে আরো বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ের পরিবেশ পুনরুদ্ধার হচ্ছে। তবে এই পুনরুদ্ধার অসম গতিতে হচ্ছে। 

সিপিডির পক্ষ থেকে বলা হয়, এ বছর ‘প্রতিযোগিতা সক্ষমতা রিপোর্ট ২০২১-২২’ প্রকাশিত হচ্ছে না। তার পরিপ্রেক্ষিতেই এই জরিপের ফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম। এ সময় উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।  

দেশের ৭৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর চালানো হয়েছে এ জরিপ। যার মধ্যে উদ্যোক্তা ও বোর্ডের সদস্যরা রয়েছে। যাদের মূলধন ১০ কোটি টাকার ওপর শুধু সেই ব্যবসায়ীরাই এতে অংশ নিয়েছেন। জরিপের সময়কাল ছিল গত বছরের এপ্রিল থেকে জুলাই। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুর এলাকায় অবস্থিত কৃষি, সেবা ও ম্যানুফ্যাকচারিং খাতের ব্যবসায়ীদের কাছ থেকে ১০টি সূচকের ওপর ভিত্তি করে জরিপ পরিচালনা করা হয়। 

মূলত সিপিডি গত বছরের এপ্রিল, জুন, জুলাই- এই তিন মাসব্যাপী ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুরের ৭৩টি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের ওপর এই জরিপ পরিচালনা করে। জরিপে অংশগ্রহণ করা ৬৭ শতাংশ ব্যবসায়ী মনে করেন, অদক্ষ আমলাতন্ত ব্যবসায়ের জন্য আরেকটি প্রতিবন্ধকতা। এ ছাড়া ৫৫ শতাংশ মনে করেন, অর্থায়নে সীমাবদ্ধতাও আরেকটি বড় সমস্যা ব্যবসায়ের জন্য।

অনুষ্ঠানে গোলাম মোয়াজ্জেম বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক এ বছর ‘বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা রিপোর্ট ২০২১-২২’ প্রকাশিত হচ্ছে না। তাই আমরা ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ ২০২১ : উদ্যোক্তা জরিপের ফলাফল শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করছি। আমরা মূলত সব সেক্টরকে এই জরিপের আওতায় এনেছি। জরিপে অধিকাংশ ব্যবসায়ী বলেছেন, দুর্নীতি বড় প্রতিবন্ধকতা। আমরা তাদের মতামত বিশ্লেষণ করে দেখলাম, এই দুর্নীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন ছোট ব্যবসায়ীরা। বড়রা কম ক্ষতিগ্রস্ত।

তিনি আরো বলেন, আমরা দেখছি অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। তবে তা অসম গতিতে। অনেক ছোট ও মাঝারি ব্যবসায়ীরা এখনো তাদের আগের অবস্থানে ফিরে যেতে পারেননি। জরিপে অংশগ্রহণ করা ব্যবসায়ীদের ৪৫ শতাংশ মনে করেন, তাদের ক্ষতিপূরণ হতে লাগতে পারে তিন বছরেরও বেশি সময়। তবে তাদের মধ্যে ৮ শতাংশ মনে করেন, অবস্থা যদি অস্বাভাবিক না হয় তারা এক বছরের মধ্যে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।  

সিপিডির এই জরিপে উঠে এসেছে ব্যবসায়ী তথা প্রতিষ্ঠানগুলোর ব্যয় কমানোর চিত্র। এদের মধ্যে ২৮ শতাংশ প্রতিষ্ঠান তাদের কর্মী ছাঁটাই করেছে। ২২ শতাংশ ব্যয় কমানোরা ক্ষেত্রে নতুন বায়ারের সঙ্গে কাজ করেছে। ১৯ শতাংশ ব্যবসা সম্প্রসারণ করেছে এবং ১৬ শতাংশ নতুন বাজারে যোগ হয়েছে, ১৫ শতাংশ নতুন পণ্য উৎপাদনে গিয়েছে।

সিপিডির মতে, তিনটি চ্যালেঞ্জ দেশের ব্যবসার সম্প্রসারণের পথে মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে ট্যাক্স রেট সমস্যা, দক্ষ মানবসম্পদ গড়তে না পারা, স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশ ও কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে না পারাকেও ব্যবসার সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

মূল প্রবন্ধ তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ৬৮ শতাংশ ব্যবসায়ী মনে করেন অদক্ষতা, দুর্নীতি, আর্থিক সমস্যা ব্যবসার প্রধান অন্তরায়। দুর্নীতির চ্যালেঞ্জ ৫২ শতাংশ বড় ব্যবসায়ীদের জন্য। ক্ষুদ্র উদ্যেক্তাদের শতভাগ এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যবসার ব্যয় সবার কাছে সমান নয়। ৬৩ শতাংশ ব্যবসায়ী মনে করেন করোনাকালে প্রণোদনা প্যাকেজ বণ্টন দুর্বল ছিল, আর ৪২ শতাংশ ব্যবসায়ী মনে করে দেশের অর্থনীতি চাপে রয়েছে।

জরিপকালে উদ্যোক্তারা মোট ১২টি সুনির্দিষ্ট বিষয়ের ওপর তাদের মতামত প্রদান করেন। এসব বিষয়ের মধ্যে রয়েছে প্রতিষ্ঠান, পরিবেশ, অবকাঠামো, জনস্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, শিক্ষা এবং দক্ষতা, শ্রমবাজারের দক্ষতা এবং ব্যবসার উদ্ভাবনের মতো বিষয়গুলো।

সামনের ১০ বছরে দেশে নতুন কী কী ব্যবসা উঠে আসবে তারও একটি ধারণা পাওয়া গেছে জরিপে। দেখা গেছে, ৬৭ শতাংশ বলেছেন, ডিজিটাল আর্থিক সেবা আরও বিকশিত হবে। দক্ষ মানবসম্পদ খাতকে দ্বিতীয় অবস্থানে রেখেছেন ব্যবসায়ীরা। তৃতীয় অবস্থানে আছে ডেটা ম্যানেজমেন্ট। ২০২০ সালেও ব্যবসার পরিবেশ নিয়ে জরিপ করেছিল সিপিডি। তখন ব্যবসা করার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে উঠে এসেছিল অদক্ষ প্রশাসন। ওই সময় ব্যবসায়ীরা দুর্নীতিকে দ্বিতীয় ও অর্থায়নের সীমাবদ্ধতাকে রেখেছিলেন তৃতীয় অবস্থানে।

এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ব্যবসায় দীর্ঘমেয়াদে আশঙ্কা দেখছে সিপিডি। মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র যেভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে, এ নিয়ে জটিলতা দেখা দিলে ব্যবসায় দীর্ঘমেয়াদে আশঙ্কা তৈরি হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

এফএইচ



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: