আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি আনসার সদস্য, গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৮:০০ পিএম (ভিজিট : ৩২০)
আর্জেন্টিনার জার্সি গায়ে আনসার সদস্য মাহিদুর রহমান। ছবি: সংগৃহীত
নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে অস্ত্রহাতে থাকা ব্যক্তি ছাত্রলীগের কেউ নয়, বরং আনসার সদস্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। সেই সঙ্গে এই আনসার সদস্যকে ছাত্রলীগ বলে যারা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ছাত্রলীগের যে কেন্দ্রীয় নেতার নামে গুজব ছড়ানো হয়েছে তিনি ঘটনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ-ভারতের মধ্যকার খেলা দেখছিলেন।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে থাকা একজনকে আর্জেন্টিনার জার্সি পরহিত অবস্থায় দেখা যায় যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অস্ত্রহাতে আর্জেন্টিনার জার্সি গায়ে তাকে দেখা যায়। মুহূর্তেই গুজব ছড়িয়ে পড়ে জার্সি পরা ওই ব্যক্তি ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক আল আমিন রহমান।
বিএনপি নেতাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ছড়ানো হয় গুজব। জার্সি পরা ব্যক্তিকে দাবি করা হয় ছাত্রলীগ কর্মী হিসেবে। এদিকে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বৃহস্পতিবার দাবি করেন, এই ব্যক্তি পুলিশ।
এদিকে আল আমিনের বিষয়ে গুজব ছড়ানোর পর এই ছাত্রলীগ নেতা থানায় সাধারণ ডায়েরি করেন। সেখানে জানান, নয়াপল্টনের সংঘর্ষের সময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলেন।
গোয়েন্দা পুলিশ প্রধান জানান, এই আনসার সদস্যের নাম মাহিদুর রহমান। তিনি বলেন, সংঘর্ষের সময় অস্ত্রহাতে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে গুলি করা ব্যক্তি ছাত্রলীগের কেউ নন। তিনি একজন আনসার সদস্য। গুজব রটনাকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।