পার্বত্য জেলা রাঙ্গামাটির শুভলং ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানকালে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র (মূল) সশস্ত্র গ্রুপের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ জুলাই) ভোরে গুলি বিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে পারলেও তরিত চাকমা (৩৫) নামে একজন বাধ্য হয়ে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। এ সময় তার কাছ থেকে জার্মানির তৈরি অত্যাধুনিক একটি রাইফেল এবং গুলি উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (২৬ জুলাই) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্থানায় সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ইউপিডিএফ (মূল) দলের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসী দলের প্রায় সবাই পালিয়ে যেতে পারলেও সশস্ত্র সদস্য তরিত চাকমা উপায় না দেখে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এসময় তার কাছ থেকে ১টি এইচকে-৩৩ (জার্মান), ১টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড এ্যামুনিশন জব্দ করেছে সেনাবাহিনী।
সংশ্লিষ্টরা জানান, রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও অস্ত্র উদ্ধারসহ এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সকল অভিযান পরিচালনার ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা যায়।
/আতা/