চাঁপাইনবাবগঞ্জ-১: আওয়ামী লীগ-বিএনপির ঘরের ভেতরে আগুন

আবদুল বাশির গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে শিবগঞ্জ উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন গঠিত। জেলার পাঁচটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা এটি।১৯৯১ সালের পঞ্চম

2023-08-18T03:20:18+00:00
2023-08-18T03:20:18+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ-১: আওয়ামী লীগ-বিএনপির ঘরের ভেতরে আগুন
আবদুল বাশির গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৩:২০ এএম   (ভিজিট : ১১৪৯)
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে শিবগঞ্জ উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন গঠিত। জেলার পাঁচটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা এটি।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আসনটিতে বিএনপি থেকে চারবার ও আওয়ামী লীগ তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের কমিটি গঠন ও নেতৃত্ব নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব রয়েছে। আসনটিতে বিএনপির মধ্যে গ্রুপিং থাকলেও দলটি ক্ষমতায় না থাকায় অভ্যন্তরীণ কোন্দল অনেকটা লোকচক্ষুর আড়ালে।

সূত্র বলছে, ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক শাজাহান মিয়া। এরপর ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মদ এনামুল হক, ২০১৪ সালের নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে গোলাম রাব্বানী, সবশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সামিউল উদ্দিন আহমেদ শিমুল সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এ আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচজন মনোনয়নপ্রত্যাশীর নাম বিভিন্ন সূত্রে জানা গেছে। ভোটের মাঠে জনসমর্থন পেতে এখন থেকে মাঠে দিনের পর দিন চষে বেড়াচ্ছেন নেতারা। তারা হচ্ছেন-বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী শিমুল নির্বাচিত হয়েছিলেন। বাকি আসন দুটিতে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য না থাকায় জেলায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। জেলায় ঘটে যাওয়া দুর্ঘটনায় কবলিত হতাহত পরিবারদের সরকারি তহবিল থেকে সহায়তা এনে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তবে আওয়ামী লীগের অনেক নেতার অভিযোগ, এই আসনটিতে তেমন উন্নয়ন হয়নি।

হঠাৎ উপজেলা পরিষদ নির্বাচনের সময় রাজনীতির মাঠে সরব হন সৈয়দ নজরুল ইসলাম। শিবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন জিকে ফাউন্ডেশনের ব্যানারে মানুষদের খাদ্য ও আর্থিক সহায়তা দেন। পরে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করে সফল হন। অবশ্যই তিনি নৌকা নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি এক সভায় ‘জনগণ চাইলে এমপি নির্বাচন করব’ বলে মতামত ব্যক্ত করেন। তখন থেকেই আলোচনায় আসেন সৈয়দ নজরুল ইসলাম।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য মুহাম্মদ এনামুল হকের ভাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক। ভোটের সময় মাঠে থাকলেও তিনি অন্য সময় মানুষের আড়ালে চলে যান। সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে দীর্ঘদিন তিনি চাকরি করেছেন। অবসরে যাওয়ার পূর্ব মুহূর্তে মানুষের সঙ্গে তার সরেজমিন সাক্ষাৎ বাড়তে থাকে। তখনও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হননি। পুরোপুরি অবসরে যাওয়ার পর উপজেলার দুর্লভপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সদস্য পদে নাম লেখান। ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের জানিয়ে দিয়েছেন-নৌকার মনোনয়ন নেওয়ার জন্য যা করা দরকার তিনি তাই করবেন।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী। দীর্ঘদিন ধরে জনবিচ্ছিন্ন থাকায় ভোটাররা তার সাক্ষাৎ পায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবরে ভোটের মাঠে সরব তিনি। মানুষের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ, চা-চক্রের পাশাপাশি তার এলাকার মানুষদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলা বিএনপি দলটির নাম উঠলে মানুষের মনে সবার প্রথমে শাহজাহান মিয়ার নামই আসে। বিএনপি থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক শাহজাহান মিয়া। বলা হচ্ছে, বিএনপি নির্বাচনে এলে তিনিই হবেন এই আসনের ধানের শীষের প্রার্থী। কিন্তু এই দলেরই রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের নামও শোনা যাচ্ছে। তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী। তার বাড়ি শিবগঞ্জ পৌর এলাকায় হলেও তিনি এলাকায় সেভাবে পরিচিত নন।

আওয়ামী লীগ-বিএনপি এখন পর্যন্ত দলীয় প্রার্থী ঘোষণা না করলেও জামায়াতে ইসলামী বাংলাদেশ এ আসনের দলীয় প্রার্থী হিসেবে ড. কেরামত আলীর নাম ঘোষণা করেছেন। তিনি রাজশাহী মহানগরের জামায়াতের আমির। কেরামত আলী শিবগঞ্জ উপজেলা পরিষদের দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। উপজেলাব্যাপী জামায়াতের দলীয় নেতাদের মধ্যে তার কিঞ্চিৎ হলেও সুনাম রয়েছে। তিনি এখন থেকে গ্রামাঞ্চলগুলোতে গণসংযোগ শুরু করেছেন।

বর্তমান সংসদ সদস্য সামিউল উদ্দিন আহমেদ শিমুল সময়ের আলোকে বলেন, ‘এ আসনে আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত চার বছরে স্কুল-কলেজ নির্মাণসহ এলাকায় অনেক উন্নয়ন করেছি। সাধারণ মানুষেরও আমার প্রতি আগ্রহ আছে, ব্যাপক জনসমর্থনও পাচ্ছি। আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করতে চাই। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন তো একজন সংসদ সদস্যের দাঁড়ায় সব পরিচালিত হয়। আর আমি তো এখন বর্তমান সংসদ সদস্য। সে ক্ষেত্রে আমি তো উন্নয়ন কাজ করে যাচ্ছি। এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছি। আশা করি আগামীতে আমি মনোনয়ন পাব এটা শতভাগ নিশ্চিত।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সময়ের আলোকে বলেন, আমার সঙ্গে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সাধারণ জনগণ আছে। আমি আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ঘুরেফিরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। আমি আশাবাদী, আগামী নির্বাচনে নেত্রী আমাকে নৌকা দেবে।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী জিল্লার রহমান সময়ের আলোকে বলেন, আমি আওয়ামী লীগের জন্য কাজ করছি। আওয়ামী লীগের উন্নয়নের কথা বলছি। তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি না যে আগামীতে আমি এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইব কি না। সময় এলেই আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।

বিএনপির চারবারের সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়া বলেন, আমার রাজনীতির বয়স প্রায় ৪১ বছর। এই সময়ের রাজনৈতিক জীবনে দল-মত নির্বিশেষে সবার সঙ্গে যোগাযোগ রেখেছি। আগামী নির্বাচনে মানুষের ভোটারাধিকার নিশ্চিত হলে আবারও এই আসনে আমি এমপিতে ভোট করব।


সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: