কিশোরগঞ্জের কুলিয়ারচরে জামাত-বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ৮৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই হাজার জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে।
মঙ্গলবার (৩১ নভেম্বর) দু`টি স্থানে পৃথক সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে তিনটি মামলা দায়ের করে। কুলিয়ারচর থানার ওসি মো: গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার ছয়সূতি এলাকায় দায়িত্ব পালনের সময় পুলিশের ওপর হামলা চালায় অবরোধকারীরা। এতে ওসিসহ ১৬ পুলিশ সদস্য আহত হন।
পুলিশের ওপর হামলা, ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এসআই তারেক পারভেজ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার লোককে আসামি করা হয়।
এ ছাড়া একই দিন সকালে উপজেলার বাজরা এলাকায় পুলিশের ওপর হামলা, জ্বালাও-পোড়াওসহ সহিংসতার ঘটনায় এসআই নূরে আলম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ শ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত: গত মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিএনপির অবরোধ কর্মসূচির প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ও বাজরা এলাকায় অবরোধকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
ছয়সূতি এলাকায় প্রায় দেড় ঘন্টা ধরে চলা সংঘর্ষে অবরোধকারীদের থামাতে টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়ে পুলিশ। এতে ছয়সূতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া (৩০) ও ছাত্রদল নেতা রেফাত উল্লাহ (২০) নিহত হন।
আহত হন ১৬ পুলিশ সদস্যসহ শতাধিক। এ সময় যানবাহনে হামলা-ভাংচুর ও রাস্তায় আগুন জ্বেলে অবরোধ সৃষ্টি করে বিএনপি নেতাকর্মিরা।
সময়ের আলো/এএ/