বঙ্গবন্ধু টানেলে প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন টানেল কর্তৃপক্ষ।
বুধবার (১ নভেম্বর) রাতে সাতটি প্রাইভেট কার চিহ্নিত করে থানায় মামলাটি করেন বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম। সাতটি গাড়ি হলো চট্টমেট্রো-গ-১২-৯০৪৩, চট্টমেট্রো-ঘ-১১-৫৭০২, ঢাকামেট্রো-খ-১১-৮৯৩৫, ঢাকামেট্রো-খ-১২-১৮১৪, চট্টমেট্রো-গ-১৩-৩৫৭৩, চট্টমেট্রো-গ-১৪-২২৫৪ ও ঢাকামেট্রো-ভ-১১-০২১৭। এছাড়াও মামলায় আরও অজ্ঞাতনামা দুই থেকে তিনটি প্রাইভেট কারের চালকসহ তাদের সহযোগীদের আসামি করা হয়েছে।
সূত্র জানায়, টানেলে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর অনুমতি রয়েছে। নিয়ম মেনে গাড়ি চলাচল, টানেলের ভেতরে ছবি না তোলা, ওভারটেক না করাসহ ১৪টি নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, বুধবার (গতকাল) রাতে সাতটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি।
উল্লেখ্য যে, গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ছয়টায় সর্বসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়। চালুর প্রথম দিনেই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ঘটনা ঘটে।
সময়ের আলো/জেডআই