বঙ্গবন্ধু টানেলের ভিতর দ্রুত গতির বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি প্রাইভেট কার। এসময় প্রাইভেট কারে থাকা তিন জন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে আহতের তাৎক্ষনিক কোন পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮.৪০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। টানেল উদ্ভোধনের পর থেকে এটি টানেলের তৃতীয় দূর্ঘটনা বলে জানান সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানেলে একটা কারকে মারাত্মকভাবে ধাক্কা দিয়ে পালিয়েছে বাসচালক ও তার সহকর্মীরা। এ সময় চলমান অন্যান্য গাড়িগুলো তাদের ভিডিও করে করে গেছে শুধু। পরে ৪/৫ জন মিলে আহতদের গাড়ি থেকে বের করে। এসময় অন্যান্য যাত্রীরা ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করে। ঘটনার পর ঘটনাস্থলে নৌ পুলিশ আসে।
দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা। তিনি বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে টানেলের কোন ক্ষতি হয়নি। আহতদের চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। এর মধ্যে বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/আরএস/