হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। তবে এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় প্রাইভেটকারের পাশ থেকে একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়।
রবিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সড়কে একটি প্রাইভেটকারে কয়েক যুবক পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভান।
প্রাইভেটকারের মালিক উপজেলা তাঁতী লীগের সভাপতি করিব মিয়া খন্দকার জানান, হঠাৎ কয়েকজন যুবক পেট্রল ঢেলে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কি কারণে কারা আগুন দিয়াছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছেনা।
এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করে নাই। অভিযোগ সাপেক্ষে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ওসি রাশেদুল আরও বলেন জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা দমনে পুলিশ মাঠে রয়েছে।
সময়ের আলো/এএ/