নান্দাইলের তিনটি গ্রামীণ সড়ক পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বুধবার (৮ নভেম্বর) বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নান্দাইলের আওতাধীন ‘তালতলা মোড় হতে কান্দাপাড়া সড়ক, মাজার বাসস্ট্যান্ড হতে বৈরাটি গোরস্থান সড়ক ও মোয়াজ্জেমপুর ইউপি-কালিয়াপাড়া বাজার ভায়া বাহাদুরপুর হাইস্কুল সড়ক’ পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রাস্তাগুলো পাকাকরণে ব্যয় হবে ২ কোটি ৭৮ লাখ টাকা।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় সংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা'র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে গেছে প্রাণের নান্দাইল। তার দূরদর্শী নেতৃত্বে নান্দাইলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি অবকাঠামোসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। অতীতে কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি। এ উন্নয়নের সুফল এখন নান্দাইলের সাধারণ মানুষ ভোগ করছে।
পর্যায়ক্রমে সকল গ্রামীণ সড়ক পাকাকরণ করা হবে। ইতিমধ্যেই অধিকাংশ সড়ক পাকাকরণ সমাপ্ত হয়েছে। উন্নয়নের ধারা চলমান রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এমপি তুহিন।
উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজীব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ৩ নং নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল, ২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলি, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ, নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সালামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সময়ের আলো/আরআই