বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় সারাদেশে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় ও শেষ দিনে সিরাজগঞ্জে মহাসড়কে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এসময় আরো বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে কামারখন্দের ঝাঐল এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামি একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুড়ে গেছে। এর আগে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম জানান, আগুন দেওয়া ট্রাকটির সামনের কেবিন সামান্য ক্ষতি হয়েছে এবং গ্লাস ভেঙে গেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। তিনি আরও জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
সময়ের আলো/এএ/