রাজশাহীর পুঠিয়ায় জমা-জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জনের মত আহত হয়েছেন। এতে করে থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়।
রোববার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের দাশমাড়িয়া গ্রামের সাবদুল গ্রুপ ও মোস্তাক গ্রুপের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই জমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। স্থানীয় ও থানা পুলিশকে জানিয়েও কোন সুরাহা নাহলে পরে ওই ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সবদুল গ্রুপের সোহেল নামে আহত একজন বলেন, প্রায় ৪০ থেকে ৪২ বছর আগে কেয়ামত নামের ব্যক্তির কাছ থেকে আমরা জমি ক্রয় করি। এবং পরবর্তীতে ভোগ দখল করে আসছি। এছাড়াও ওই জমির খাজনা খারিজ দখল সবকিছু আমাদের নামে চলমান রয়েছে। অথচ হঠাৎ করে ওরা দাবি করছে জমিটি তাদের। এমনকি গত কয়েকদিন আগে ওই জমিতে থাকা আমাদের লাগানো ৩০টি আমের গাছ কেটে ফেলে। পরে শনিবার (১১ নভেম্বর) আবার আমাদের লাগানো ১০০টির মত কলাগাছ তারা দলবল বেঁধে এসে কেটে ফেলে দেয়। এ নিয়ে ইউনিয়ন পরিষদ ও থানায় অভিযোগ রয়েছে। তারা কোন সুরাহা করতে পারেনি।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মোস্তাক গ্রুপের আহত মুক্তার আলি বলেন, আমাদের জমিতে আমরা যখন যায় তখন সোহেল ও তার দলবল নিয়ে আমাদের লোকদের উপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি গ্রামের আরো অনেক মানুষকে সাথে নিয়ে আমাদেরকে মারধর করে। থানায় এখনো আমরা মামলা করিনি। তবে মামলা করাবো।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে ওই এলাকাতে একটি টহল দল ছিল তাদেরকে সেখানে দ্রুত পাঠিয়ে দিয়েছিলাম। এই বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি।
সময়ের আলো/আরআই