বিএনপির অবরোধের নামে নৈরাজ্যের বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নিয়েছেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের সামনে ওই ব্যক্তিকে প্রকাশ্যে শর্টগান হাতে দেখে অনেকে বিস্মিত হয়েছেন। নৈরাজ্য বিরোধী মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
নান্দাইলে আওয়ামী লীগের গতকালের মিছিলের নেতৃত্ব দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। আর আওয়ামী লীগ নারী কর্মীদের মিছিলের নেতৃত্ব দেন আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন। এ সময় তার পাশে ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র হাতে সামনে এগিয়ে যেতে দেখা গেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান জানান, আগ্নেয়াস্ত্র হাতে ওই ব্যক্তির নাম কামরুজ্জামান। সে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেনের স্বামী জাহিদ হাসানের দেহরক্ষী। অস্ত্রটি লাইসেন্স করা বলে তিনি জানান। নিরাপত্তার কারণে অস্ত্রটি গাড়িতে না রেখে সেটি নিজের সঙ্গে বহন করছিলেন কামরুজ্জামান। তবে প্রকাশ্যে অস্ত্রটি প্রদর্শন করা ঠিক হয়নি বলে জানান আমিনুল ইসলাম শাহান।
উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সরকার বলেন, আবদুস সালামের মেয়ের জামাই সিআইপি, তিনি দেহরক্ষী রাখতেই পারেন। আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা জানান, মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে কামরুজ্জামানের ডান পাশে জাহিদ হাসান ও তার স্ত্রী ওয়াহিদা হোসেনকেও দেখা গেছে। নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জমান বলেন, ‘ওই ব্যক্তির হাতে যে অস্ত্র দেখা গেছে, সেটি লাইসেন্স করা (বৈধ)। তারপরও বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।’
সময়ের আলো/আরএস/