দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে গাইবান্ধায় আধাবেলা হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা শহরের ডিবি রোডের ১নং রেলগেট এলাকায় অবস্থান নেয় জোটের নেতাকর্মীরা। সকাল থেকেই তারা ডিবি রোড, সার্কুলার রোড, স্টেশন রোড, পার্করোড, কাচারী বাজারসহ বিভিন্ন এলাকায় মিছিল করে। এসময় সীমিত পরিসরে যানবাহন চলাচল করতে দেখা যায়।
বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক ও সিপিবির জেলা সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানীর সভাপতিত্বে সকাল ১০টায় ১নং রেলগেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতী বর্মন প্রমুখ।
জোটের নেতারা বলেন, নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি না করে একতরফা তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতেই বুঝা যায় এই কমিশন সরকারের আজ্ঞাবহ। নির্বাচন সামনে রেখে সরকার জনমত ও বিরোধী দলগুলোর দাবি উপেক্ষা করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে, যা নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছে।
তারা বলেন, অধিকাংশ রাজনৈতিক দলকে বাইরে রেখে যে কোনোভাবে গায়ের জোরে একতরফা নির্বাচন করার অর্থ হবে রাজনৈতিক সহিংসতা জিইয়ে রাখা। এর ফলে অর্থনীতি, রাজনৈতিক পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হবে। এ নির্বাচনী তফশিল ঘোষণা জনগণ মানবেনা। তারা অবিলম্বে তফসিল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান।
সময়ের আলো/জিকে