ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবন শেষে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা বেগম এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সেলিম চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদায়ী সহকারী শিক্ষক আসমা বেগমের শিক্ষকতাকালীন জীবনের সার্বিক বিষয় তুলে ধরে স্বাগতিক বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: জিল্লুর রহমান দস্তগীর।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম চৌধুরী তার সমাপনী বক্তব্যে বিদায়ী সহকারি শিক্ষকের উদ্দেশ্যে বলেন দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করার পর বিধি মোতাবেক আপনি বিদ্যালয় থেকে অবসর নিলেও আমরা আপনাকে মন থেকে বিদায় দেয়নি।
আপনি আছেন সকল শিক্ষার্থী ও শিক্ষকের হৃদয়ে। অবসরকালীন জীবনে যখন সময় পাবেন বিদ্যালয়ে আসবেন, বিদ্যালয়ের খোজ খবর রাখবেন এবং লেখাপড়ার মান উন্নয়নে পরামর্শ দিবেন। পরবর্তীতে সবার দীর্ঘায়ু জীবন কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সময়ের আলো/এএ/