বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেছেন, অবরোধের নামে যারা মানুষ হত্যা করে তারা মানুষ না। তাদের অত্যাচার থেকে সাধারণ মানুষ, পুলিশ, সাংবাদিক, বিচারপতি, কেউই রেহাই পায়নি। তারা দুর্নীতে সেরা।
এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ৭ জানুয়ারি সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ঢাকা থেকে নিজ বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুরে আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও বিশাল শোডাউনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, আমার বিশ্বাস বিপুল ভোটের ব্যবধানে চাঁদপুর-২ আসনে আপনারা নৌকাকে বিজয়ী করবেন। এই আসনে আপনাদের ভোটে দুইবার নির্বাচিত হয়েছি এবং মন্ত্রী হয়েছি। মতলবে আমি যে উন্নয়ন করেছি তা কেউ করতে পারেনি।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর-মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গাজী আইয়ুব আলী, গাজী ইলিয়াছুর রহমান, স্বাস্থ্য সম্পাদক হানিফ দর্জি, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী প্রমুখ।
আনন্দ মিছিল ও শো ডাউনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের বাড়িতে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা মায়া চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
সময়ের আলো/আরআই