আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর -দক্ষিণ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার।
প্রসঙ্গত, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর আগে চাঁদপুর-২ আসন থেকে দুইবার আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘকাল।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।
সময়ের আলো/আরআই