নির্বাচন নিয়ে জাহাঙ্গীরের বক্তব্যে তোলপাড়

বরিশাল ব্যুরো

সারাদেশ

গত ১২ জুনের সিটি ভোট এবং জাতীয় নির্বাচন নিয়ে শান্তি সমাবেশে প্রকাশ্যে প্রশ্ন তোলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট

2023-12-01T21:00:38+00:00
2023-12-01T21:00:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশাল আওয়ামী লীগের একাংশের ক্ষোভ
নির্বাচন নিয়ে জাহাঙ্গীরের বক্তব্যে তোলপাড়
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৯:০০ পিএম 
নির্বাচন নিয়ে জাহাঙ্গীরের বক্তব্যে তোলপাড়
গত ১২ জুনের সিটি ভোট এবং জাতীয় নির্বাচন নিয়ে শান্তি সমাবেশে প্রকাশ্যে প্রশ্ন তোলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের বিতর্কিত বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। মহানগর আওয়ামী লীগের অনেকেই সভাপতির এমন মন্তব্যে বিব্রত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় বইছে। প্রতিবাদে আগামীকাল শনিবার (২ ডিসেম্বর) বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের একাংশ। 

জানা গেছে, গত বুধবার (২৯ নভেম্বর) শান্তি সমাবেশের ব্যানারে নগরীতে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে শোডাউন দেয়া হয়। ওই সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘আমাদের পাকা ফসল কেটে আর একজনে ঘরে তুলবে তা হতে দেয়া হবে না। আমরা কোন বহিরাগতকে সুযোগ দেব না। সিটি নির্বাচনে আমাদের পাখা বানিয়েছে। ওই নির্বাচনের মত আর খালি মাঠে গোল দিতে দেব না। এবার খেলা হবে। জনগণ ভোট কেন্দ্রে যাবে। প্রশাসন ব্যবহার করে বাক্স ভরবেন, সেই সুযোগ নেই।’ 

ওই বক্তব্যের পর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ও আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

কেন্দ্রীয় যুবলীগের সদস্য, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান জানান, জাহাঙ্গীর সাহেব আওয়ামী লীগের সভাপতি হয়ে সংগঠন বিরোধী বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রীর কাছে তার বিচার চাই। কাণ্ডজ্ঞানহীন কোনো ব্যক্তি দেখতে চাইলে জাহাঙ্গীর হোসেন এর ছবিটা দেখলেই হবে। 

২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ফেসবুকে লেখেন, ‘উনি জামায়াতের দালাল, তাকে বহিষ্কার করা দরকার।’ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন লেখেন, ‘সভাপতি গঠনতন্ত্র বিরোধী কথা বলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ৪ বছরের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করতে হবে।’ 

জানতে চাইলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, শান্তি সমাবেশে যা বলেছেন সঠিক বলেছেন। তার বক্তব্য শুনলেই বোঝা যাবে কি বলতে চেয়েছেন। এটি নিয়ে যারা হেয় প্রতিপন্ন করতে চায় তারা কারা? 

তবে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, ১২ জুনের সিটি নির্বাচন হয়েছিল ইভিএম পদ্ধতিতে। সেই নির্বাচন সম্পর্কে মহানগর সভাপতি জাহাঙ্গীর প্রশ্ন তুলেছেন। জাতীয় নির্বাচনেও প্রশাসন দিয়ে ব্যালট ভরার কথা বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অথচ জাহাঙ্গীর নিজের ছেলের বিয়ের টাকা জেলা পরিষদ থেকে ব্যয় করেছেন। তিনি বাকশালী করে বিএম কলেজে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন। জাহাঙ্গীরের বহিষ্কারের দাবীতে শনিবার নগরীতে বিক্ষোভ ও সমাবেশ করবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। 

বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের সাবেক ভিপি মঈন তুষার বলেন, এ কে এম জাহাঙ্গীর দিশেহারা হয়ে গেছে। দিক হারিয়ে ফেলেছেন। দলের গুরুত্বপূর্ণ পদে থেকে এমন মন্তব্য করাটা আর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা একই। 

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসাইন বলেন, আমাদের প্রত্যেকেরই সংযত হয়ে কথা বলা উচিৎ। জাহাঙ্গীর ভাইয়ের বক্তব্য ওভাবে বলা ঠিক হয়নি। 

অপর সহ সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু বলেন, সভাপতি যেহেতু বলেছেন তার বক্তব্য ঠিক আছে, সেহেতু এ বিষয়ে কিছু বলার নেই। তিনি যদি দলের বিরুদ্ধে কথা বলেন তবে মহানগর আওয়ামী লীগ নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবে। 

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, দলের দায়িত্বে থেকে বিতর্কিত এমন মন্তব্য করে সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে জাহাঙ্গীর। এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল। এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়তে পারে। তার এধরনের মন্তব্যে আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে দলীয়ভাবে তা দেখার দাবী জানাচ্ছি। তাছাড়া এত সুন্দর নির্বাচনকে যে ব্যক্তি প্রশ্নবিদ্ধ করে প্রশাসনকে বিতর্কিত করার পাঁয়তারা করছে তাকে শাস্তির আওতায় আনা উচিৎ। চাটুকারিতা করে জাহাঙ্গীর আওয়ামী লীগকে কলঙ্কিত করার মিশনে নেমেছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   জাতীয় নির্বাচন  বরিশাল-৫ আসন  মহানগর আওয়ামী লীগ  অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: