জলবায়ু সম্মেলনে আলোচনায় ফিলিস্তিনের মানবিক সংকট

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে চলমান জলবায়ু সম্মেলনের (কপ-২৮) আলোচনায় এসেছে ফিলিস্তিনের মানবিক সংকটের প্রসঙ্গ। সম্মেলনে অংশ নেওয়া ইরানের একটি প্রতিনিধি দল

2023-12-02T02:10:43+00:00
2023-12-02T02:10:43+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জলবায়ু সম্মেলনে আলোচনায় ফিলিস্তিনের মানবিক সংকট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ২:১০ এএম 
জলবায়ু সম্মেলনে আলোচনায় ফিলিস্তিনের মানবিক সংকট
সংযুক্ত আরব আমিরাতে চলমান জলবায়ু সম্মেলনের (কপ-২৮) আলোচনায় এসেছে ফিলিস্তিনের মানবিক সংকটের প্রসঙ্গ। সম্মেলনে অংশ নেওয়া ইরানের একটি প্রতিনিধি দল ইসরাইলি উপস্থিতিকে কারণ দেখিয়ে আন্তর্জাতিক অনুষ্ঠানের স্থান ত্যাগ করেছে। এদিকে জর্ডানের বাদশাহ বলেছেন, জলবায়ু সংকটের প্রসঙ্গ থেকে গাজার মানবিক দুর্দশাকে আলাদা করার উপায় নেই। এদিকে সম্মেলনের দ্বিতীয় দিনে শুক্রবার খাদ্য প্রশ্নে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে।

গত ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরুর পর ইসরাইলি হামলায় ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজায় ইসরাইলি সহিংসতা পশ্চিম তীরেও উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে ৭ অক্টোবর থেকে সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে প্রায় ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যুদ্ধবিরতির ফলে গাজায় জিম্মি ১০৫ জন ইসরাইলি বন্দি এবং ইসরাইলি কারাগারে থাকা ২৪০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পায়।

ইরানি প্রতিনিধি দলের সম্মেলন বর্জন : ইসরাইলের প্রতিনিধির উপস্থিতি এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় দেশটির চলমান গণহত্যার প্রতিবাদে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৮) অংশ নেওয়া ইরানের একটি প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক অনুষ্ঠানের স্থান ত্যাগ করেছে। সে দেশের জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানের নেতৃত্বে ইরানের প্রতিনিধি দল শুক্রবার দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়।

দুবাই ছাড়ার আগে মেহরাবিয়ান বলেন, জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে ভুয়া জায়নবাদী সরকারের রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট উপস্থিতি এ সম্মেলনের উদ্দেশ্যের বিপরীত।

গাজা প্রশ্ন সামনে আনলেন জর্ডানের বাদশাহ : শুক্রবার অস্থায়ী মানবিক বিরতি শেষে ইসরাইল আবারও গাজা উপত্যকায় হামলে পড়েছে। জর্ডানের রাজা আবদুল্লাহ এদিন দুবাইয়ে সম্মেলনস্থল থেকে বলেন, ‘আমাদের চারপাশজুড়ে যে মানবিক বিপর্যয় ঘটে চলেছে, জলবায়ু পরিবর্তনের আলোচনাকে আমরা তার থেকে বিচ্ছিন্ন করতে পারি না। গাজায় ১৭ লাখ মানুষ ঘরহারা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফল্ট লাইনে থাকা দেশটিতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছে কিংবা আহত হয়েছে।

আবদুল্লাহ বলেন, ‘যুদ্ধের ভয়াবহ ধ্বংসাত্মকতা অতীতের যেকোনো সময়ের চেয়ে পানির ঘাটতি ও খাদ্য নিরাপত্তাহীনতার পরিবেশগত ঝুঁকি বাড়িয়েছে। গাজায় পরিষ্কার পানি কমই পাওয়া যাচ্ছে, ন্যূনতম খাবার খেয়ে বেঁচে আছে মানুষ, জলবায়ু হুমকি যুদ্ধের ভয়াবহতাকে বাড়িয়ে তুলছে।’

খাদ্য প্রশ্নে ঐকমত্য : শুক্রবার কপ-২৮ প্রেসিডেন্ট খাদ্য প্রশ্নে বিভিন্ন দেশের মধ্যে একটি ঐকমত্য হয়েছে বলে ঘোষণা দেন। টেকসই কৃষি, স্থিতিশীল খাদ্য বন্দোবস্ত আর জলবায়ু তৎপরতা নিয়ে ওই ‘আমিরাত ঘোষণা’ দেওয়া হয়েছে। বিবিসি বলছে, আমরা কী উৎপাদন করি আর কী খাই, জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে তা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খাদ্য ঘোষণায় এই দিকটিতেই জোর দেওয়া হয়েছে।

সময়ের আলো/আরএস/ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: