নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়িবাঁধে গত মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রিংকু আক্তার (১৮) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রিংকু আক্তার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের রাইকালী গ্রামের মৃত রাজ্জাকের মেয়ে।
এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলার মাটিয়াকুরি গ্রামের আলাউদ্দীনের ছেলে নাঈম ও সহযোগী হিসেবে একই গ্রামের মৃত আব্দুল আজিজ মন্ডলের ছেলে আলাউদ্দীন। নিহত রিংকুর মা শাহিনা বেগমের দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে রাজশাহীর পবা থানায় ও জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে বাবা ও ছেলে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তার জানায়, নিহত রিংকু ও নাঈমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। পরিবারকে না জানিয়ে সোমবার (২৭ নভেম্বর) সকালে তারা বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যায়। পথে একটি অটো রিক্সায় করে রাজশাহী কোর্টের উদ্দেশ্যে রওনা হয় দুজন। এর মধ্যে নওগাঁয় না রাজশাহীতে কোর্ট ম্যারেজ হবে এনিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সদর উপজেলার চকগৌড়ি এলাকায় অটো রিক্সা থেকে সড়কে পড়ে যায় রিংকু। এসময় সে মাথা ও হাত পায়ে গুরুতর যখম হয়।
আহত অবস্থায় রিংকুকে বাঁচাতে প্রেমিক নাঈম প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিংকুর অবস্থা খারাপ দেখে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। এসময় প্রেমিক নাঈম ভয় পেয়ে তার বাবা আলাউদ্দীনকে ফোন করে। দুজনে আলোচনা করে এম্বুলেন্সযোগে রিংকুকে রাজশাহী ইসলামি হাসপাতালে নিয়ে যায়। এসময় সেখানে কর্তব্যরত ডাক্তার রিংকুকে মৃত ঘোষণা করেন।
পরে নাঈম ও তার বাবা ভয় পেয়ে রিংকুর মরদেহটি রাতের আধারে তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়িবাঁধে ফেলে দিয়ে পালিয়ে যায়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, এ ঘটনায় পৃথক অভিযানে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। নাঈম ও রিংকুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তারা বিবাহের জন্য রাজশাহী যাচ্ছিলো। পথে মেয়েটি অটোরিক্সা থেকে পড়ে গিয়ে নিহত হয়।
এ ঘটনায় একটি কলেজ ব্যাগ ও একটি ভ্যান জব্দ করা হয়েছে। হত্যা মামলায় গ্রেফতার ২জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/আরআই