নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করার দায়ে ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমকে শোকজ করেছে ঝালকাঠি নির্বাচন অনুসন্ধান কমিটি প্রধান সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ড।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে তাকে শোকজ করার চিঠি দেয়া হয়েছে। নির্বাচনের বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের পূর্বে কোন প্রার্থী দলীয় সমর্থকদের নিয়ে কোনো ধরণের শোডাউন করতে পারবেন না সেই বিধান ভঙ্গ করায় তাকে শোকজ করা হয়েছে।
ঝালকাঠির জেলা নির্বাচন অফিসার আ. ছালেক এর সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত তার হাতে লিখিত চিঠি পাননি তবে তিনি বিষয়টি অবগত হয়েছেন।
প্রসঙ্গত, ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) আসনে আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বিএনপির নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের সমাবেশে শোডাউনের করে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন। এ সময় তিনি কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন।
এদিন সকালে তিনি কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজী ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বসার বাদশা, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনসহ উভয় দলের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরআই