পঞ্চগড়-১ আসনে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া সাংবাদিকদের জানান, যে বক্তব্যটির বিষয়ে নোটিশ করেছে সেটি আমার বক্তব্য ছিলনা। তবে আমার মঞ্চে করেছে সেজন্য আমি এর দায় এড়াতে পারিনা। যেহেতু নোটিশ প্রদান করেছে তাই, বুধবার (৬ ডিসেম্বর) সশরীরে হাজির হয়ে এর জবাব দিবো।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা দায়রা জর্জ মার্জিয়া খাতুন লিখিত ভাবে এ নোটিশ প্রদান করেন।
নোটিশে বলা হয়, নাঈমুজ্জামান ভুঁইয়া গত শনিবার (২ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরী এলাকায় একটি নির্বাচনী প্রচারণার আয়োজন করেন। সেখানে নাঈমুজ্জামানের উপস্থিতিতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব নির্বাচনী বক্তব্য দেন। এসময় আরিফুল ইসলাম নৌকা মার্কা ও নৌকার প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ও নির্বাচনী সংযোগ করলে সেই সব সমর্থকদের হাড়হাড্ডি ভেঙে দিবেন বলে কর্মী-সমর্থদের নির্দেশ দেন এবং বিপরীত প্রার্থীর সমর্থকদেরকে হুমকি প্রদান করেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন হওয়ায় তার কারণ বুধবারের (৬ ডিসেম্বর) মধ্যে দর্শানোর নোটিশ দেয়।
সময়ের আলো/আরআই