একেরপর এক ডিপফেক ভিডিওর শিকার হচ্ছেন বলিউড অভিনেত্রীরা। এই প্রযুক্তির মাধ্যমে অন্যের আপত্তিকর ভিডিওতে তাদের চেহারা বসিয়ে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে অনলাইনে। প্রথমে রাশ্মিকা মান্দানা। এরপর ক্যাটরিনা কাইফ, কাজল, আলিয়া ভাটের ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছিল।
এবার সেই তালিকায় নাম জুড়ল প্রিয়াঙ্কা চোপড়ারও। তবে শুধু ভিডিও নয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ডিপফেক অডিও। অডিও ক্লিপটিকে ব্যবহার করা হয়েছে, প্রিয়াঙ্কার অন্য একটি ভিডিওতে। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সেই অডিওর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে তার কথা। ওই ক্লিপিংয়ে নিজের বার্ষিক আয়ের হদিশও দিয়েছেন পিগি চপস। যা কি না একেবারেই মিথ্যা।
জানাগেছে, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট হয় প্রিয়াঙ্কার সেই ভিডিওটি। যদিও সেই ভিডিওটি ভুয়া নয়। তবে সেখানে প্রিয়াঙ্কার মুখে যে কথাগুলি শোনা যাচ্ছিল, সেই অডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানানো।
সেখানে প্রিয়াঙ্কার মুখে শোনা গিয়েছে তার বার্ষিক আয়ের কথা। যা কিনা ভুয়া। প্রযুক্তির মাধ্যমে বানানো। ডিপফেকের সাহায্যে ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
একের পর এক নায়িকা এভাবে ডিপফেকের শিকার হওয়ায় তোলপাড় পড়ে গেছে বলিউডে। এআই প্রযুক্তি দিয়ে তৈরি এই ভিডিওগুলি নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। গত সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন থেকে এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, ‘এআই-এর প্রভাব নিয়ে সারা বিশ্ব চিন্তিত। এই জিনিস বন্ধ করতে আন্তর্জাতিক আইন জরুরি।’
এর আগে রশ্মিকার ‘ডিপফেক’ ভিডিও কাণ্ডে দিল্লি পুলিশের তরফে স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি ‘ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট’ মামলা দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশের তরফে বলা হয়, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
সময়ের আলো/এএ/