রাজশাহীতে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার বিকেল ৫টা ১০ মিনিট থেকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ বৃষ্টিপাত রেকর্ড করেছে।
এর আগে বুধবার দিনভর মেঘলা আকাশের কারণে সূর্যের দেখা মেলেনি। একই অবস্থা বৃহস্পতিবারের। সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মেঘলা আকাশ আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের কারণে রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। আকাশের মেঘ কেটে গেলে শীত বেশি অনুভুত হতে পারে। তবে পুরোপুরি শীত আসতে দেরি আছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আকাশে মেঘ রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝড়ছে। গত সোমবার (৪ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রসঙ্গত, চলতি বছরে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বাংলাদেশে। গত ১৪ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোখা’। গত ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ এরপর ১৭ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশে আঘাত হানে।
সময়ের আলো/এএ/