আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই জনসভা করা, স্বতন্ত্র এমপি প্রার্থীর কর্মী সমর্থকদের মারপিট ও সাবেক ছাত্রলীগ নেতাকে কুলাঙ্গার বলার অভিযোগে রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটি শাহরিয়ার আলমের কাছে জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছে। এছাড়াও তাকে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে হাজির হয়ে জবাব দেয়ার কথা বলা হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান কমিটির পাঠানো শোকজ নোটিশে বলা হয়েছে, গত শনিবার (২ ডিসেম্বর) রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই চারঘাটের ফরহাদ আলাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন এমপি শাহরিয়ার আলম। জনসভায় শাহরিয়ার আলম রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান এবং রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের কর্মী ও সমর্থক মেরাজুল ইসলামকে জনসমক্ষে ‘কুলাঙ্গার’ বলে অপবাদ ও বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন। এছাড়াও ১৭ ডিসেম্বরের পর তাকে দেখে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন। ওই বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ হয়। এছাড়াও এসব অভিযোগে ভুক্তভোগী নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দেন।
এ অবস্থায়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর বিধি ৬(গ) ও বিধি ১১(ক) এবং বিধি ১২ লঙ্ঘনের দায়ে শাহরিয়ার আলমের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না মর্মে আগামী ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১০টায় সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
সময়ের আলো/আরআই