সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩৪ কেজির বেশি সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫৭ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে দুবাই থেকে আসা বিজি ২৪৮ নম্বর ফ্লাইট।
এসময় কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালালে আসনের নিচ থেকে বিশেষভাবে মোড়ানো সোনার ২৮০টি বার ও পেস্ট করা ৬টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। প্রাথমিক তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম জানান, উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ২৮০ পিস সোনার বার রয়েছে। যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম। এছাড়া ৬টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে। যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম।
উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা বলে জানান তিনি। বিমানের ৩২ জে এবং ২১ এবিসি সিটের নিচ ও ওয়াশরুম থেকে স্বর্ণ গুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কাস্টমস কর্মকর্তা।
সময়ের আলো/আরআই