সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চার জয়িতাকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
চার ক্যাটাগরিতে পুরস্কৃত চার নারী হলেন- শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে শামীমা নার্গিস, অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জনকারী মোছাম্মৎ আয়েশা আক্তার, সফল জননী মোছাম্মৎ রিজিয়া বেগম ও সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী লুৎমিলা ফরীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জয়িতাদের পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে ও পাতা দে বৃষ্টির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী ও লিটন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম।
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে সমাজ ও নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করেছেন চার জয়িতা। তাদের এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ শেষে আমরা তাদের ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি, তাদের সংগ্রামী জীবন অন্য অনেক নারীর জন্য প্রেরণা হয়ে উঠবে।
বিশেষ অতিথি হাসান আকবর বলেন, জীবনের বাধা-বিপত্তি ঠেলে মনোবল নিয়ে কাজ করলে সফলতা আসবেই। সমাজের অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে কাজ করার মাধ্যমে অন্য নারীও এগিয়ে আসুক।
সময়ের আলো/আরআই