আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে তৃণমূল বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে সিলেটের গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলার পৌর শহরে র্যালি ও আলোচনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট করার কোনো সম্ভাবনা নেই। তবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল। তাদের কার্যক্রম অনুসরণ করে তৃণমূল বিএনপি। আগামী ৭ জানুয়ারি সরকার একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে এবং জনগণ প্রতীক দেখে নয়, যোগ্য ব্যক্তি দেখে ভোট দিবে।
বিএনপি ছেড়ে তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদা। দলটিতে সম্প্রতি যোগ দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী, বীর বিক্রম। আর তৃণমূল বিএনপির মহাসচিবের দায়িত্বে থাকা তৈমুর আলম খন্দকারও বিএনপির সাবেক প্রভাবশালী নেতা।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে ৩০০ আসনের মধ্যে ২৮০ আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল বিএনপি। প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক পাঁচজন সংসদ সদস্য। বিএনপি ছেড়ে অনেকেই তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
উল্লেখ্য, ১৯৭১ সালে ১২ নভেম্বর পাকহানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিলো সিলেটের গোলাপগঞ্জ উপজেলা। স্বাধীনতার পর থেকে প্রতিবছর এই দিনটিকে গোলাপগঞ্জ মুক্ত দিবস হিসেবে পালন করে করেন ঐ এলাকার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ।
সময়ের আলো/আরআই