ঢাকা জেলা লিগ্যাল এইড কর্তৃক কেরাণীগঞ্জ উপজেলাধীন তেঘরিয়া ইউনিয়ন পরিষদে তৃণমূল পর্যায়ে জনগণের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক উঠান বৈঠক আয়োজন করা হয়।
মঙ্গলবার ১২ (ডিসেম্বর) জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. সায়েম খান আদালতে মামলা দায়ের ব্যতীত বিকল্প বিরোধ নিষ্পত্তি তথা আপোষ মিমাংসার বহুমুখী সুবিধা সম্পর্কে আলোকপাত করেন। তিনি জেলা লিগ্যাল এইড অফিসে আইনগত পরামর্শ, আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ জনগণকে বিনামূল্যে সরকারী খরচে আইনজীবী প্রদানসহ লিগ্যাল এইড অফিসের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও, জেলা লিগ্যাল এইড অফিসার মো. সায়েম খান উপস্থিত সকল ব্যক্তিবর্গকে অবহিত করে বলেন যে, এখন ঘরে বসেই প্রযুক্তি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে জেলা লিগ্যাল এইড অফিস থেকে আইনগত সহায়তা প্রাপ্তির আবেদন করা যাবে। উপরন্তু, কেউ প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট জ্ঞানসম্পন্ন না হলেও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনলাইনে আইনগত সেবা নিতে পারেন এবং ODR (Online Dispute Resolution) পদ্ধতিতে ঘরে বসেই বিরোধ নিষ্পত্তি করতে পারেন। উক্ত উঠান বৈঠকে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. লাট মিয়াসহ ইউপি সদস্যগণ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডআই