দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৩। গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সর্বস্তরের জনগণ।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে।
কর্মসুচীর মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা, হাসপাতাল-কারাগার ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন। এছাড়াও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজসহ ক্রীড়া প্রতিযোগিতা ছিল উল্লেখযোগ্য।
দিবসের প্রথম প্রহরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে স্থাপিত মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ। এরপর সদরের চেহেলগাজী মাজারে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান হুইপ ইকবালুর রহিম এমপিসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা কমান্ড।
পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগসহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জেলা বিএনপিসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা জাতীয় পাটি, দিনাজপুর প্রেসক্লাব ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দিনাজপুর সিভিল সার্জন অফিস, বিএমএ ও স্বাচিব দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, দিনাজপুর জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী সমিতি, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাসদ, কমিউনিষ্ট পার্টি, জেলা জাগপা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এর আগে সকাল ৯টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য বিজয় র্যালী হুইপ ইকবালুর রহিম এমপি এর নেতৃত্বে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। প্রসঙ্গত, এ ছাড়াও জেলার প্রত্যেক উপজেলায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
সময়ের আলো/এএ/