নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে মহান বিজয় দিবস। স্বাধীনতা সংগ্রামের শহীদদেরকে শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সিলেট নগরের সব ক’টি সড়কে মানুষ ফুল, ব্যানার ফেস্টুন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে দলে দলে আসতে থাকেন।
এদিন সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, পরে সিলেট সিটি কর্পোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন শ্রদ্ধা জানান।
এরপর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় দল জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনারে।
সময়ের আলো/আরআই