দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের আনোয়ারায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ২০মিনিটে আনোয়ারা উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দীন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এরপর থেকে একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন সকাল ১০টা থেকে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পরে দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সময়ের আলো/আরআই