অসহনীয় তাপ নেই। যদিও সূর্যের দেখা মিলেছে। সূর্যাস্তের সাথে সাথে দিনাজপুরের চারপাশ ঘন কুয়াশা থাকায় শীতে তীব্রতা বেড়েই চলেছে। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এমন পরিস্থিতিতে অসহায় মানুষগুলোকে স্বস্তি দিতে মানবিক প্রচেষ্ঠার অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট ও র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. আসাদুজ্জামান সময়ের আলোকে জানান, আজ (রোববার) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১০ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছে। এদিন সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের উদ্যোগে স্থানীয় পাহাড়পুর ইউনিট প্রাঙ্গণে ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইউনিটের ভাইস চেয়ারম্যান বজলুল হক কম্বল বিতরণের উদ্বোধন করেন। প্রথম দিনে ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আগামী ২ দিনে অবশিষ্ট ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিটের সেক্রেটারি মো. আলাউদ্দিন এবং নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল, রঞ্জিত কুমার সাহা, শাহ মো. রফিকুল ইসলাম, ডা. আব্দুল করিম ও সুফিয়া নাহার, ইউনিট লেভেল অফিসার উপ পরিচালক নাজমুস সাহাদাত এবং যুব প্রধান মাসুদ পারভেজ।

এছাড়াও দিনাজপুর সদরের রেল স্টেশন এলাকাসহ বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে প্রকৃত শীতার্ত অসহায় ও ছিন্নমূল মানুষদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ এর কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খান।
সময়ের আলো/আরআই