দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী লে: জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে যৌথসভা করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে দাগনভূঞা ও বিকালে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
এতে বক্তব্য রাখেন জাতীয় পাটি মনোনীত ওই আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী লে: জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন প্রমুখ।
সভায় নিজাম উদ্দিন হাজারী এমপিসহ বক্তারা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, কোন মার্কার দিকে না তাকিয়ে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনঃ প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকল ভেদাভেদ ভুলে মাসুদ চৌধুরীর লাঙ্গল প্রতীককে জিতিয়ে আনতে কাজ করে যেতে হবে।
প্রসঙ্গত, ফেনী-৩ আসনটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে আবুল বাশারকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তী দলীয় সিদ্ধান্তে লাঙ্গলের প্রার্থী মাসুদ চৌধুরীর সমর্থনে তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়। এছাড়া সাবেক এমপি রহিম উল্যাহ, আওয়ামী লীগ নেতা একে আজাদ ও জাতীয় পার্টির সাবেক নেতা রিন্টু আনোয়ার স্বতন্ত্রভাবে প্রার্থী হন।
সময়ের আলো/আরআই