ঝিনাইদহে এবার নৌকার পোস্টার ঝুলিয়ে স্বতন্ত্র প্রার্থীর বাড়ির প্রবেশ পথ যাতায়াতে বাধা সৃষ্টি করা হয়েছে। শহরের বঙ্গবন্ধু সড়কের শিল্পকলা একাডেমীর সামনে থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত এদৃশ্য পরিলক্ষিত হয়।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝিনাইদহের দুই আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বাড়ির প্রবেশ পথ থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে এমনভাবে পোস্টার টাঙ্গানো হয়েছে যাতে দোকান দেখা যাচ্ছে না। শুধু তাই নয় রশিগুলো ঝুলে আছে। রিকসায় বা ইজিবাইকে অথবা একটু বড় গাড়ি গেলে ছিঁড়ে যাবে। নৌকার পোস্টারগুলো যত্রতত্র এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইউনুস বলেন, এভাবে পোস্টার ঝুলিয়ে রাখার জন্যে যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়াও ইচ্ছেকৃতবাবে এভাবে পোস্টার ঝুলিয়ে রাখার অন্য কারণ থাকতে পারে বলে অনেকে জানিয়েছেন। যাতায়াতের সমস্যার কারণে যদি কেউ সেটি অপসারণ করে বা ছিঁড়ে ফেলে বা নামিয়ে রাখে তখন সেটাকে কেন্দ্র করে ইস্যু তৈরি করে একটি অঘটন ঘটে যেতে পারে। বিষয়টি প্রশাসনকে জানালে পরে তা অপসারণ করে উঁচু করে বেধে দেওয়া হয়।
সময়ের আলো/আরআই