লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী অফিস উদ্বোধনকালে বাঁধা ও ভাঙচুরের অভিযোগে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শুক্রবার (২২ ডিসেম্বর) লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও লালমনিরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) এরশাদ আলী এ শোকজের নোটিশ দেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ শোকজ করা হয় বলে জানা গেছে।
ওই কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার গড্ডিমারী বাজারে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান ঈগল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করতে যান। এ সময় গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলের লোকজন কাজে বাঁধাসহ অফিসে ভাঙচুর চালায়। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সচিত্র সংবাদ পর্যালোচনা করেন লালমনিরহাট-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবরে কেন সুপারিশ করা হবে না, তা আগামী ২৩ ডিসেম্বর তারিখের মধ্যে তাকে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
সময়ের আলো/আরআই