হবিগঞ্জে নিষিদ্ধ পলিথিনের মোড়ানো নির্বাচনী পোষ্টার উড়ছে হাট বাজারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর ১৮ ডিসেম্বর থেকে হবিগঞ্জের নয়টি উপজেলার বিভিন্ন স্থানে প্রার্থীদের লেমিনেটেড পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সরেজমিন দেখা গেছে- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ প্রার্থীদের পোষ্টার জেলার মাধবপুর, চুনারুঘাট, শায়েস্থাগঞ্জ, সদর, বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচংসহ বিভিন্ন এলাকায় লেমিনেটিং করা অগণিত পোস্টার এবং ব্যানার হাট বাজারে টাঙানো রয়েছে। যা এক সময় পরিবেশের বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন পরিবেশবিদরা।
বিশেষ করে হাট বাজার অলিগলি এবং রাস্তায় প্রার্থীর পলিথিনে লেমিনেটেড পোস্টার এবং ব্যানার ঝুলতে দেখা গেছে। তবে অনেক প্রার্থীর সমর্থকরা বলছেন, কুয়াশার কারণে পোস্টার ছিঁড়ে যেতে পারে এজন্য পলিথিনে মোড়ানো হয়েছে।
নির্বাচনী প্রচারণায় পলিথিনে মোড়ানো (লেমিনেটেড) পোস্টার তৈরি ও ব্যবহারে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা মানছেন না অনেক প্রার্থী।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ প্রতীক বরাদ্দের দিনে নির্বাচনের আচরণ বিধি উল্লেখ করে সকল প্রার্থীকে বলেন, পোস্টারে পলিথিন মোড়ানো থেকে বিরত থাকতে হবে। কোন অবস্থাতে পোষ্টার পলিথিন মোড়ানো যাবেনা।
এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন। আইনের ব্যাঘাত ঘটলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা সভাপতি তোফাজ্জল সোহেল বলেন, এমনিতেই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা লেগে থাকে। তার উপর এসকল পোস্টারের পলিথিন এক সময় জলাবদ্ধতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়বে, পরিবেশকে হুমকির মুখে ফেলে দিবে। পুকুর নদী জলাশয়ে জলজ প্রাণীর জন্য হুমকি স্বরূপ হবে। তাদের প্রজনন উৎপাদন ক্ষমতা হৃাস পাবে।
সময়ের আলো/এএ/