টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ইটবাহী একটি ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সখীপুর-সিডস্টোর সড়কের পাথারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকের সহকারী রনি আহমেদও (২৪) গুরুতর আহত হয়েছেন।
নিহত ট্রাক্টর চালকের নাম মোসাহিদ আহমেদ (২৮)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের নুরুন্নবীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোসাহিদ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ইট বোঝাই ট্রাক্টরটি ভালুকার সিডস্টোর থেকে সখীপুরের দিকে আসছিল। উপজেলার পাথারপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরিত্যক্ত চায়ের দোকানে ট্রাক্টরটি ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক নিহত ও সহকারী গুরুতর আহত হন। পরে আহত রনি আহমেদকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, লাশ থানায় রাখা হয়েছে। স্বজনরা আসার পর মামলা হবে কিনা পরে তা জানা যাবে।
সময়ের আলো/আরআই