রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মোহাম্মদপুর টাউন হল বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের দুই গ্রুপে চলা এ সংঘর্ষে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগের মিছিল চলাকালে এক গ্রুপের সদস্যরা অপর গ্রুপের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে মিছিলের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা রিকশা করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুই গ্রুপের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলেন- মেরাজ, সিয়াম, বাপ্পি, সৌরভ। তারা সবাই আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। তবে তারা কোন গ্রুপের সমর্থক তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বলেন, নির্বাচনী মিছিলের মধ্যে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে পুলিশ যাওয়ার আগেই তা থেমে গেছে।
সময়ের আলো/এম